images

খেলা / ফুটবল

স্পোর্টস ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান: প্রতিমন্ত্রী আমিনুল হক

সোমবার, ০৪ মে ২০২৬ , ০২:১৩ পিএম

দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ বা ক্রীড়া কূটনীতিতে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান।

রোববার (৩ মে) রাজধানীর মতিঝিলে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা সম্ভব এবং এই উদ্যোগে জাইমা রহমান যুক্ত হলে তা ক্রীড়াঙ্গনের জন্য বড় উৎসাহ হিসেবে কাজ করবে।

প্রতিমন্ত্রী জানান, এ উদ্যোগকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক স্পোর্টস উইং চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়ানো এবং বিদ্যমান দুর্বলতা কাটিয়ে ওঠাই সরকারের লক্ষ্য।

জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ নিয়ে চলমান সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি দক্ষ কোচ নিয়োগে আর্থিক সমস্যায় পড়ে, তাহলে সরকার আলোচনার মাধ্যমে সহযোগিতা করবে।

এছাড়া কক্সবাজারে ফিফার টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।

আরও পড়ুন
psl-zalmi

পিএসএলের এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন?

প্রতিমন্ত্রী বলেন, সরকার তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রতিটি জেলা ও বিভাগে ক্রীড়ার পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, জিয়া পরিবার ঐতিহাসিকভাবেই ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তাদের সম্পৃক্ততা রয়েছে।

আরটিভি/এসকে