images

খেলা / ক্রিকেট

জাতীয় দল ছেড়ে  এইচপির দায়িত্ব নিচ্ছেন সালাহউদ্দীন

মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ১১:০৭ এএম

জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন পাকিস্তান সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। ৮ মে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজই জাতীয় দলের সঙ্গে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট হতে পারে বলে জানা গেছে।

বিসিবির পক্ষ থেকেই এইচপির দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। একই সঙ্গে সালাহউদ্দীনও মনে করছেন, জাতীয় দলের তুলনায় তরুণ ক্রিকেটারদের নিয়ে কাজ করাই এখন তার জন্য বেশি উপযোগী। এই বিষয়ে বিসিবি সভাপতির সঙ্গেও তাঁর একটি প্রাথমিক বৈঠক হয়েছে।

নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে সালাহউদ্দীন বলেন, তরুণদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার আগে থেকেই আছে। তাই ভবিষ্যতের ক্রিকেটার গড়ে তোলার কাজেই তিনি বেশি মনোযোগ দিতে চান।

২০২৪ সালের নভেম্বরে তিনি জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব নেন। তার বর্তমান চুক্তি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত কার্যকর থাকলেও এইচপির দায়িত্ব নেওয়ার পরও সেটি বহাল থাকবে বলে জানা গেছে। এইচপির বর্তমান প্রধান কোচ ডেভিড হেম্পকে অন্য দায়িত্ব দেওয়া হতে পারে।

গত দেড় বছরে জাতীয় দলের সঙ্গে কাজ করে দলের ঘাটতি ও প্রয়োজন সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন বলেও জানান সালাহউদ্দীন। তার মতে, সাদা বলের ক্রিকেটে একজন কার্যকর অলরাউন্ডারের ঘাটতি রয়েছে, যিনি নিচের দিকে নেমে ব্যাটিং-বোলিং দুই দিকেই অবদান রাখতে পারবেন।

আরও পড়ুন
BABAR-AZAM

চ্যাম্পিয়ন পার্টি না করেই মধ্যরাতে ঢাকায় আসলেন বাবর আজম

বিসিবি এরই মধ্যে বয়সভিত্তিক ক্রিকেট কাঠামোতেও পরিবর্তন আনছে। বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম বাদ দিয়ে নতুন করে অনূর্ধ্ব-২৩ দল যুক্ত করা হচ্ছে, যা অনূর্ধ্ব-১৯ ও জাতীয় দলের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এইচপির মাধ্যমে নিচের দিক থেকে খেলোয়াড় উঠে আসবে, আবার প্রয়োজনে জাতীয় দলের ক্রিকেটাররাও বিশেষ অনুশীলনের জন্য এখানে আসবেন।

সালাহউদ্দীন জানিয়েছেন, ভবিষ্যতে তিন-চার মাসের নয়, বরং সারা বছরব্যাপী কার্যক্রমের মাধ্যমে এইচপিকে আরও কার্যকর করে গড়ে তোলাই তার লক্ষ্য। 

আরটিভি/এসকে