images

খেলা / ফুটবল

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই পাওয়া যাবে ৬১ লাখ টাকা

বুধবার, ০৬ মে ২০২৬ , ১১:৩৬ এএম

বিশ্বকাপ ফুটবল দেখতে সাধারণত ভক্তদের খরচই বেশি হয় ভ্রমণ, টিকিট, থাকা-খাওয়া মিলিয়ে ব্যয় পৌঁছে যায় বড় অঙ্কে। তবে এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। দর্শক হয়ে বরং আয় করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ক্রীড়া সম্প্রচার প্রতিষ্ঠান ফক্স স্পোর্টস।

চলতি বছরের ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রতিষ্ঠানটি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে  চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার বা বিশ্বকাপের প্রধান দর্শক পদে। চাকরির মূল কাজ টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের প্রতিটি মুহূর্ত দেখা। এই কাজের জন্য পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা।

নির্বাচিত প্রার্থীকে থাকতে হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস স্কয়ার এলাকায় বিশেষভাবে তৈরি কাচঘেরা বুথে। সেখানে বসে তাকে প্রতিটি ম্যাচ দেখতে হবে ফক্স ওয়ান স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

শুধু খেলা দেখাই নয়, তাকে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি ও শেয়ারও করতে হবে। পুরো আয়োজনের লক্ষ্য থাকবে টাইমস স্কয়ার দিয়ে যাতায়াত করা দর্শকদের জন্য জায়গাটিকে একটি লাইভ “ওয়াচ পার্টি”তে রূপ দেওয়া। টাইমস স্কয়ারকে ঘিরে এই অভিনব আয়োজনকে বাজারের অন্যতম আকর্ষণীয় গ্রীষ্মকালীন চাকরি হিসেবে তুলে ধরেছে ফক্স স্পোর্টস ও চাকরিবিষয়ক ওয়েবসাইট ইনডিড।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যে বেসবল ম্যাচে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

আরও পড়ুন
sergio-ramos

সেভিয়ার প্রেসিডেন্ট হওয়ার পথে রামোস?

এবারের বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।। প্রথমবারের মতো এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে পরিণত করবে।

সব মিলিয়ে, ফুটবলপ্রেমীদের জন্য এটি যেমন এক অনন্য সুযোগ, তেমনি এক ব্যতিক্রমী “ড্রিম জব” যেখানে শুধু খেলা দেখেই মিলবে মোটা অঙ্কের আয়।

আরটিভি/এসকে