বুধবার, ০৬ মে ২০২৬ , ০২:১৬ পিএম
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসর শেষ হতেই টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে উইজডেন ক্রিকেটার্স। সেই একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানা। যিনি স্বল্প সুযোগ পেয়েও নিজের পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন।
পেশোয়ার জালমির হয়ে এবারের আসরে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন নাহিদ। তবে এই পাঁচ ম্যাচেই দারুণ কার্যকর বোলিং করে নিয়েছেন ৯টি উইকেট। তার বোলিং গড় ছিল প্রায় ১০ এর কাছাকাছি এবং ইকোনমি রেটও ছিল নিয়ন্ত্রিত, যা তাকে টুর্নামেন্টের অন্যতম কার্যকর বোলারে পরিণত করেছে।
নাহিদের বোলিংয়ের মূল শক্তি ছিল তার গতি ও বৈচিত্র্য। দ্রুতগতির বল, কার্যকর শর্ট ডেলিভারি এবং নিখুঁত ইয়র্কারের মাধ্যমে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রাখতে সক্ষম হয়েছেন তিনি। সীমিত ম্যাচ খেলেও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নির্বাচকদের নজর কাড়েন এই ডানহাতি পেসার।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে অংশ নিতে ঢাকায় ফেরার আগে চার ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেন নাহিদ। আন্তর্জাতিক দায়িত্ব শেষে আবার অনুমতি পেয়ে পিএসএলের ফাইনালে দলে যোগ দেন এবং সেখানেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
উইজডেন ঘোষিত সেরা একাদশের নেতৃত্বে আছেন চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। ওপেনিং জুটিতে রয়েছেন শাহিবজাদা ফারহান। উইকেটরক্ষকের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।
মিডল অর্ডারে জায়গা করে নিয়েছেন শান মাসুদ ও উসমান খান। অলরাউন্ডার হিসেবে আছেন শাদাব খান ও অ্যারন হার্ডি। বোলিং বিভাগে নাহিদ রানার সঙ্গে রয়েছেন হুনাইন শাহ, মোহাম্মদ আলী ও সুফিয়ান মুকিম।
স্বল্প ম্যাচ খেলেও এমন স্বীকৃতি পাওয়া নাহিদ রানার জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনেও তার কাছ থেকে আরও ধারাবাহিক পারফরম্যান্স আশা করছেন ক্রিকেট বিশ্লেষকরা।
উইজডেনের পিএসএল ২০২৬ সেরা একাদশ
বাবর আজম, সাহিবজাদা ফারহান, কুশল মেন্ডিস, শান মাসুদ, উসমান খান, শাদাব খান, অ্যারন হার্ডি, হুনাইন শাহ, মোহাম্মদ আলী, সুফিয়ান মুকিম ও নাহিদ রানা।
আরটিভি/এসকে