রোববার, ১০ মে ২০২৬ , ০৭:৪৭ পিএম
মিরপুর টেস্টে ৩৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তাদের হাতে রয়েছে এখনও রয়েছে ১০ উইকেট। তাই চতুর্থ দিনে ৩০০ রান করে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাতে চান মেহেদী হাসান মিরাজ।
রোববার (১০ মে) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন টাইগার অলরাউন্ডার।
মিরাজ বলেন, এখনও ২ দিন বাকি আছে। ফিফটি-ফিফটি পরিস্থিতি আছে। আমরা অনেক বেশি লিড পাইনি। দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। মিরপুরে কত রান নিরাপদ এটা আপনি বলতে পারবেন না। তবে মিনিমাম একটা রান যেন করতে পারি যেটা বোলাররা ডিফেন্ড করতে পারে। আমার মনে হয় ২৯০ বা ৩০০ ভালো স্কোর হতে পারে এই উইকেটে। ৪-৫ নম্বর দিনে ব্যাটিং কঠিন হবে।
এখন পর্যন্ত উইকেটের আচরণ অপরিবর্তিত হলেও পরের ২ দিন বোলারদের সুবিধা বাড়তে পারে জানিয়েছেন মিরাজ।
তার ভাষ্য, আমার মনে হয় ৩ দিনই ভালো উইকেট ছিল। এখনও উইকেট ভালো। ৪-৫ নম্বর দিনে একটু তো কঠিন হবেই। একটা উইকেটে টানা খেলা হচ্ছে, ২ ইনিংস হয়েছে। ঐ দায়িত্ব নিয়েই ব্যাট করতে হবে। ৫ নম্বর দিনে যারা ব্যাট করবে… তারাই করবে। তাই অবশ্যই আমরা এডভান্টেজ পাব।
উল্লেখ্য, ঘরের মাঠে আগে ব্যাট করতে নেমে ৪১৩ রানের বড় পুঁজি পেয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে শুরুটা ভালো না হলেও তৃতীয় দিনের শেষ সময়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। মিরাজের ফাইফারে ভর করে সফরকারীদের ৩৮৬ রানে অলআউট করেছে স্বাগতিকরা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে ১১ বল খেলে ৭ রান তুলেছে, এতে ৩৪ রানের লিড নিয়ে চালকের আসনে থেকে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ।
আরটিভি/এসআর