মঙ্গলবার, ১২ মে ২০২৬ , ০৩:৪৫ পিএম
বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টে ইতিহাস গড়েছেন পাকিস্তানের স্পিনার নোমান আলী। ৩৯ বছর বয়সে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট পূর্ণ করে তিনি ভেঙে দিয়েছেন প্রায় ১৩০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড।
মঙ্গলবার (১২ মে) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের পঞ্চম দিনে নিজের ১০০তম উইকেট তুলে নেন নোমান আলী। এর মাধ্যমে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ১০০ উইকেট নেওয়ার কীর্তি এখন তার দখলে।
এর আগে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের সাবেক স্পিনার ববি পিলের। তিনি ৩৯ বছর ১৮০ দিন বয়সে টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন। নোমান আলী ৩৯ বছর ২১৭ দিন বয়সে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন।
মিরপুর টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশের হয়ে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ। ওভারের প্রথম বলেই তাকে সালমান আলী আগার হাতে ক্যাচ বানিয়ে নিজের ক্যারিয়ারের ১০০তম উইকেট পূর্ণ করেন নোমান।
২২তম টেস্ট ম্যাচ খেলতে নেমে উইকেটের সেঞ্চুরি করেন এই বাঁহাতি স্পিনার। পাকিস্তানের নবম এবং বিশ্বের ২১তম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে চলতি টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোট ৪ উইকেট নিয়েছেন নোমান আলী। প্রথম ইনিংসে ১টি এবং দ্বিতীয় ইনিংসে শিকার করেছেন ৩ উইকেট।
পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ টেস্ট উইকেট নেওয়ার তালিকায়ও যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। এ তালিকায় শীর্ষে আছেন ইয়াসির শাহ, যিনি মাত্র ১৭ টেস্টে ১০০ উইকেট পূর্ণ করেছিলেন। দ্বিতীয় স্থানে থাকা সাইদ আজমল এই কীর্তি গড়েন ১৯ ম্যাচে। মোহাম্মদ আসিফ ২০ টেস্টে এবং ফজল মাহমুদ ও নোমান আলী ২২ টেস্টে ১০০ উইকেট নিয়ে যৌথভাবে আছেন চতুর্থ স্থানে। আর সাকলাইন মুসতাক ২৩ ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন।
আরটিভি/এসকে