বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ০৮:০১ পিএম
পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রদান করা হয়েছে। জাতীয় দলে দীর্ঘদিনের অবদান এবং আন্তর্জাতিক ক্রিকেটে অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
বুধবার(১৩মে) আইওয়ান-ই-সদরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি তাকে এই সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ে আফ্রিদির গুরুত্বপূর্ণ ভূমিকা বিশেষভাবে স্মরণ করা হয়।
ক্রিকেট ক্যারিয়ারে আফ্রিদি ওয়ানডে, টি-টোয়েন্টি ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে দীর্ঘ সময় ধরে খেলেছেন। ওয়ানডেতে তিনি ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান এবং ৩৯৫ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে ৯৯ ম্যাচে ১৪১৬ রান ও ৯৮ উইকেট অর্জন করেন তিনি।
২০০৯ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৫৪ রানের ইনিংস এবং বল হাতে গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে পাকিস্তানকে শিরোপা এনে দিতে বড় ভূমিকা রাখেন এই অলরাউন্ডার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পাকিস্তান সুপার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আইপিএল এবং বিগ ব্যাশসহ বিভিন্ন লিগে তিনি দীর্ঘদিন খেলেছেন।
আরটিভি/এসকে