শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১০:২১ এএম
কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর এক ইউরোপিয়ান ভালো কোচ খুঁজছিল ব্রাজিল। তাদের পছন্দের তালিকায় ছিলেন কার্লো আনচেলত্তি। তবে এই ইতালিয়ান কোচকে রিয়াল মাদ্রিদ থেকে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে সেলেসাওদের। তাই সহজে আনচেলত্তিকে ছাড়তে চায় না ব্রাজিল।
তাই ২০২৬ বিশ্বকাপের আগেই আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়ন করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। নতুন চুক্তি অনুসারে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের কোচ হিসেবে কাজ করবেন তিনি।
শুক্রবার (১৮ মে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)। এ ছাড়াও সিবিএফের অফিশিয়াল এক্স পেজে আনচেলত্তির একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে।
আনচেলত্তি বলেন, এক বছর আগে আমি ব্রাজিলে এসেছিলাম এবং বুঝতে পেরেছিলাম এই দেশটির কাছে ফুটবলের মানে কী। আমরা জাতীয় দলকে আবারও বিশ্বের শীর্ষে ফিরিয়ে আনার জন্য কাজ করছি, কিন্তু সিবিএফ এবং আমি—উভয়েই আরও বেশি কিছু চাই। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমরা ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসাথে পথ চলা অব্যাহত রাখব।
৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেন। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী আনচেলত্তির কোচিং ক্যারিয়ারে এটিই প্রথম কোনো জাতীয় দলের নেওয়া। প্রাথমিকভাবে চুক্তি হয়েছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ ধরে। তবে সেই বিশ্বকাপের দল ঘোষণার আগেই মেয়াদ বাড়ল আরও এক আসর।
এ পর্যন্ত আনচেলত্তির অধীনে ব্রাজিল ১০টি ম্যাচ খেলেছে, জিতেছে পাঁচটি, ড্র দুটি, হার তিনটি। সিবিএফ সভাপতি সামির শাউদ এই চুক্তির মেয়াদ বৃদ্ধিকে একটি ‘ঐতিহাসিক দিন’ হিসেবে অভিহিত করে বলেছেন, এটি ব্রাজিলীয় ফুটবলের ভবিষ্যতের জন্য একটি কৌশলগত পদক্ষেপ।
২০০২ বিশ্বকাপে সর্বশেষ ট্রফি জেতা ব্রাজিল এবার টুর্নামেন্ট শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। বিশ্বকাপের জন্য ১৮ মে দল ঘোষণা করার কথা আনচেলত্তির।
আরটিভি/এসআর