শনিবার, ১৬ মে ২০২৬ , ০১:১০ পিএম
আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করতে শুরু করেছে দেশগুলো। সেই তালিকায় এবার নাম লেখাল আফ্রিকার দেশ তিউনিসিয়া। দলের অধিনায়ক ফেরজানি সাসিকে ছাড়াই দল ঘোষণা করেছেন কোচ সাবরি লামুশির।
তিউনিসিয়ার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার সাসি। জাতীয় দলের হয়ে ১০১ ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ আফ্রিকা কাপ অব নেশনসেও ছিলেন দলে। তবে সেই টুর্নামেন্টের পর দায়িত্ব নেওয়া লামুশি মার্চের প্রীতি ম্যাচেও তাকে ডাকেননি।
এবার বিশ্বকাপ দল থেকেও বাদ পড়লেন অভিজ্ঞ এই মিডফিল্ডার। সাসির পাশাপাশি আরেক অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন মেরিয়াকেও দলে রাখেননি তিউনিসিয়া কোচ। ৩২ বছর বয়সি মেরিয়ার আন্তর্জাতিক ম্যাচ ৯৫টি। তবে এ বছরের আফ্রিকা কাপ অব নেশনসে তিনি খেলেছিলেন মাত্র এক ম্যাচ।
দলে জায়গা পেয়েছেন বার্নলির মিডফিল্ডার হানিবাল মেজব্রি। ২০২২ বিশ্বকাপেও তিউনিসিয়ার দলে থাকা এই ফুটবলার এবার খেলতে যাচ্ছেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ। তার সঙ্গে আছেন নরউইচ সিটির আনিস বেন স্লিমান, যিনি গত এপ্রিলে কানাডার বিপক্ষে প্রায় ১০ মাস পর তিউনিসিয়ার হয়ে মাঠে ফেরেন।
তরুণদের মধ্যেও একাধিক চমক রেখেছেন লামুশি। কানাডা ছেড়ে তিউনিসিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া ১৮ বছর বয়সি রায়ান এলুমি আছেন দলে। ভ্যানকুভার হোয়াইটক্যাপসের এই তরুণ ফুটবলার জাতীয় দলের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন।
প্যারিস সেন্ট জার্মেইর যুবদলের ফরোয়ার্ড খলিল আয়ারিও জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। মার্চ ও এপ্রিলের প্রীতি ম্যাচে প্রথম দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরই বড় টুর্নামেন্টের দলে ঢুকে গেলেন তিনি।
তিউনিসিয়ার বিশ্বকাপ দল
গোলকিপার: সাবরি বেন হেসেন, আবদেলমুহিব চামাখ, আয়মান দাহমান।
ডিফেন্ডার: আলি আবদি, আদেম আরুস, মোহামেদ আমিন বেন হামিদা, ডিলান ব্রন, রায়েদ চিকাউই, মুতাজ নেফাতি, ওমর রেকিক, মন্তাসার তালবি, ইয়ান ভালেরি।
মিডফিল্ডার: মোরতাধা বেন ওয়ানেস, আনিস বেন স্লিমান, ইসমায়েল ঘারবি, রানি খেদিরা, মোহামেদ হাজ মাহমুদ, হানিবাল মেজব্রি, এলিয়েস স্কিরি।
ফরোয়ার্ড: ইলিয়াস আশুরি, খলিল আয়ারি, ফিরাস শাওয়াত, রায়ান এলুমি, হাজেম মাসতুরি, ইলিয়াস সাদ, সেবাস্তিয়ান তুনেকতি।
আরটিভি/এসআর