images

খেলা / ফুটবল

হার সহ্য করতে না পেরে মেডেলও নিলেন না রোনালদো

রোববার, ১৭ মে ২০২৬ , ১১:০৫ এএম

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে হারের হতাশা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচ শেষের পর তার আচরণ ঘিরে এখন তুমুল আলোচনা চলছে ফুটবল দুনিয়ায়। 
শনিবারের ফাইনালে জাপানের ক্লাব গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে রোনালদোর দল আল নাসর।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধেই। এরপর পুরো ম্যাচে সমতায় ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয় সৌদি আরবের ক্লাবটি। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আল নাসর শিবিরে নেমে আসে স্তব্ধতা। তবে পরাজয়ের পর সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে রানার্সআপ দলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পর্তুগিজ তারকা রোনালদোর অনুপস্থিতি নিয়ে।

রোনালদোর এই আচরণ ফুটবল ভক্ত ও বিশ্লেষকদের চমকে দিয়েছে। আল নাসরের খেলোয়াড়রা যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন, তখন সেখানে দলের অধিনায়ক রোনালদোকে কোথাও দেখা যায়নি। তার বদলে দলের প্রতিনিধিত্ব করতে দেখা যায় কোচ জর্জ জেসুসকে। মেডেল নেওয়ার এই আনুষ্ঠানিকতায় দলের প্রধান তারকার এভাবে দূরে থাকা অনেকেই ভালোভাবে নিচ্ছেন না।

আরও পড়ুন
4

এফএ কাপের শিরোপা জিতল ম্যানসিটি

রোনালদোর অনুপস্থিতির বিষয়ে আল নাসর ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা বিবৃতি দেওয়া হয়নি। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে ভীষণ ভেঙে পড়া অবস্থায় দেখা গেছে। মাঠের এক কোণে হতাশ মুখে দাঁড়িয়ে থাকা রোনালদোর সেই ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

এই ঘটনাকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। অনেক সমর্থকের ধারণা, ফাইনাল হারের প্রচণ্ড মানসিক ধাক্কা ও হতাশা থেকেই মেডেল নেওয়ার অনুষ্ঠানে অংশ নিতে চাননি রোনালদো। মাঠে তার এমন আচরণকে কেউ কেউ পরাজয় মেনে না নেওয়ার নেতিবাচক মানসিকতা হিসেবে দেখছেন, আবার অনেকে তার জেতার তীব্র আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবেও বিবেচনা করছেন।

সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার পর বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়ের স্বপ্ন ছিল এই পর্তুগিজ মহাতারকার। কিন্তু গাম্বা ওসাকার রক্ষণভাগের দৃঢ়তায় সেই স্বপ্ন ভাঙল আল নাসরের। এই হারের ফলে মহাদেশীয় ট্রফি জয়ের জন্য রোনালদোর অপেক্ষার পালা আরও দীর্ঘ হলো। আগামী মৌসুমগুলোতে আল নাসর এই ব্যর্থতা কাটিয়ে উঠতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

আরটিভি/এআর