images

খেলা / ক্রিকেট

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজারি ক্লাবে মুশফিক

সোমবার, ১৮ মে ২০২৬ , ০৩:২০ পিএম

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার রান পূর্ণ করেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার।

এর আগেই বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের করে নিয়েছিলেন মুশফিক। এবার সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে গড়লেন আরও একটি অনন্য কীর্তি। ম্যাচের প্রথম ইনিংসে ২৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করতে থাকেন তিনি। তৃতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগে ৯০ রানে অপরাজিত থেকেই স্পর্শ করেন ১৬ হাজার রানের মাইলফলক।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিকুর রহিমের মোট রান ১৬ হাজার ১১। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি শীর্ষে অবস্থান করছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি করেছেন ২২টি সেঞ্চুরি ও ৮৫টি হাফসেঞ্চুরি। প্রায় ৩৫ গড়ে ৪৭৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডানহাতি ব্যাটার।

বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। ৩৮৭ ম্যাচে তার সংগ্রহ ১৫ হাজার ১৯২ রান। তামিমের ক্যারিয়ারে রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ৯৪টি ফিফটি।

আরও পড়ুন
brazil

ব্রাজিলের দল ঘোষণা কখন ও যেভাবে দেখবেন

এছাড়া সাকিব আল হাসান করেছেন ১৪ হাজার ৭৩০ রান, মাহমুদউল্লাহর সংগ্রহ ১১ হাজার ৪৭ রান এবং লিটন কুমার দাস করেছেন ৮ হাজার ৮৪১ রান।

উল্লেখ্য, সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৭৮ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় ২৩২ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

আরটিভি/এসকে