ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফুটবল দুনিয়ায় এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় দলগুলোর চূড়ান্ত স্কোয়াড। বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার মতো পরাশক্তিদের দল ঘোষণাকে ঘিরে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। ইতোমধ্যে ফ্রান্স তাদের স্কোয়াড ঘোষণা করেছে। অন্যদিকে আর্জেন্টিনা আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও চূড়ান্ত দল অনেকটাই ঠিক করে ফেলেছে বলে গুঞ্জন রয়েছে।
এবার অপেক্ষা ব্রাজিলের। আজই ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
স্কোয়াড ঘোষণার সবচেয়ে বড় আকর্ষণ নেইমার। ইনজুরি কাটিয়ে প্রাথমিক দলে জায়গা পাওয়া এই তারকা শেষ পর্যন্ত মূল স্কোয়াডে থাকছেন কি না, তা নিয়েই সবচেয়ে বেশি কৌতূহল সমর্থকদের মধ্যে।
ব্রাজিলের কোচ কোচ কার্লো আনচেলত্তি আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমোরো থেকে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করবেন। ব্রাজিল সময় বিকেল ৫টায় প্রকাশ করা হবে ২৬ জনের তালিকা।
সিবিএফ আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭০০ সাংবাদিক উপস্থিত থাকবেন। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, এল সালভাদর ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিদের সামনে আনচেলত্তি জানিয়ে দেবেন বিশ্বকাপ মিশনে কারা থাকছেন সেলেসাওদের দলে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে টিভি গ্লোবো, জিই টিভি, স্পোরটিভি, এসবিটি এবং সিবিএফ টিভির ইউটিউব চ্যানেল। বাংলাদেশ সময় আজ দিবাগত রাত ২টায় প্রকাশ করা হবে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড।
বিশ্বকাপে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে। এরপর ২০ জুন হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।
আরটিভি/এসকে



