মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০২:০৩ এএম
টানা দুই বিশ্বকাপে যথাক্রমে রানার্সআপ ও তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে। কোচ জ্লাতকো দালিচের দলে অধিনায়ক হিসেবে থাকছেন ৪০ বছর বয়সী লুকা মদরিচ, যিনি সম্প্রতি গালের চোট থেকে সেরে উঠে অনুশীলনে ফিরেছেন।
চোট কাটিয়ে ম্যানচেস্টার সিটির হয়ে মাঠে ফেরা সেন্টার ব্যাক ইওস্কো গাভার্দিওলও দলে জায়গা পেয়েছেন। 'এল' গ্রুপে ক্রোয়েশিয়ার প্রথম ম্যাচ ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে।
এসি মিলান মিডফিল্ডার মদরিচ গত মাসে গালে চোট পেয়ে অস্ত্রোপচার করিয়েছিলেন। তবে বিশ্বকাপ দল ঘোষণার আগেই তিনি অনুশীলনে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন কোচ দালিচ।
অন্যদিকে জানুয়ারির পর থেকে চোটের কারণে মাঠের বাইরে থাকা গাভার্দিওল গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির হয়ে খেলায় ফেরেন এবং বিশ্বকাপ দলেও তাঁর জায়গা নিশ্চিত হয়।
এবারের বিশ্বকাপে লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে কোচ দালিচ বলেন, তাদের প্রথম লক্ষ্য 'কঠিন গ্রুপ পার হওয়া।' তিনি আরও বলেন, 'আমাদের মান, তারুণ্য ও অভিজ্ঞতা আছে... যা আমাকে আশাবাদী করে তোলে।'
'এল' গ্রুপে ক্রোয়েশিয়ার বাকি দুই প্রতিপক্ষ পানামা ও ঘানা। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে বেলজিয়াম ও স্লোভেনিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।
ক্রোয়েশিয়ার পূর্ণ বিশ্বকাপ দল
গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি, ইভোর পান্দুর।
ডিফেন্ডার: ইওস্কো গাভার্দিওল, দুয়ে চালেতা-সার, ইয়োসিপ শুতালো, ইয়োসিপ স্তানিশিচ, মারিন পংরাচিচ, মার্টিন এরলিচ, লুকা ভুশকোভিচ।
মিডফিল্ডার: লুকা মদরিচ, মাতেও কোভাচেচ, মারিও পাশালিচ, নিকোলা ভ্লাশিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান ইয়াকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক।
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রে ক্রামারিচ, আনতে বুদিমির, মার্কো পাশালিচ, পেতার মুসা, ইগর মাতানোভিচ।
আরটিভি/এসএস