images

খেলা / ফুটবল

নেইমারকে দলে নেওয়ার কারণ জানালেন কোচ কার্লো আনচেলত্তি

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৯:৪৯ এএম

অবশেষে বহুল প্রতীক্ষিত ডাক পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তার অধীনে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেলেন নেইমার। ২৬ সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করার পেছনে মূল কারণ হিসেবে ফিটনেসের উন্নতি, অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ধারাবাহিক পারফরম্যান্সের কথা জানিয়েছেন আনচেলত্তি।

সোমবার(১৮মে) দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ফুটবল অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বের পাশাপাশি ১৩টি দেশের সাংবাদিকসহ ৬০০-এর বেশি গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো মিলনায়তনে উচ্ছ্বাস আর করতালির ঢেউ ওঠে।

স্কোয়াড ঘোষণার পর আনচেলত্তি বলেন, আমরা পুরো বছরজুড়ে নেইমারকে মূল্যায়ন করেছি। সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিকভাবে খেলে যাওয়া এবং শারীরিক অবস্থার উন্নতি আমরা পর্যবেক্ষণ করেছি। অন্যদের মতো তারও একই দায়িত্ব থাকবে। তবে তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড় এবং কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের গুরুত্ব দিই।

৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা ৭৯। তবে ২০২৩ সালে এসিএল ইনজুরির পর একাধিক ছোট চোট তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে রেখেছিল। সেই কারণেই এতদিন তার শতভাগ ফিটনেস ফিরে পাওয়াকে বড় শর্ত হিসেবে দেখছিলেন আনচেলত্তি। যদিও সম্প্রতি সান্তোসের হয়ে খেলতে গিয়ে আবারও কিছুটা অস্বস্তিতে দেখা গেছে এই ফরোয়ার্ডকে। 

তবে চূড়ান্ত দলে জায়গা পেলেও শুরুর একাদশে নেইমারের থাকা নিশ্চিত নয় বলে স্পষ্ট করেছেন ব্রাজিল কোচ। আনচেলত্তি বলেন,
নেইমার এই বিশ্বকাপে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এখানে খেলা, না খেলা কিংবা বেঞ্চে বসে থাকার সম্ভাবনাও থাকে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্যন্ত সে নিজের শারীরিক অবস্থার আরও উন্নতি করতে পারে। যদি সে দলে থাকার যোগ্যতা প্রমাণ করে, তাহলে অবশ্যই খেলবে।

তিনি আরও বলেন, আমি শুধু একজন খেলোয়াড়ের ওপর নির্ভর করতে চাই না। বিশ্বকাপ জিততে হলে পুরো দলকে একসঙ্গে পারফর্ম করতে হবে। আমি তারকা নয়, এমন খেলোয়াড় চাই যারা দলকে জেতাতে সাহায্য করবে। নেইমারকে শুধু রিজার্ভ হিসেবে নেওয়া হয়নি, সে দলের মান বাড়াবে এমনকি যদি মাত্র এক মিনিটও খেলে।

আরও পড়ুন
worldcup

বাংলাদেশ থেকে বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে সবশেষ যা জানা গেল

দল নির্বাচন নিয়ে সমালোচনার জবাবেও আত্মবিশ্বাসী ছিলেন আনচেলত্তি। তিনি বলেন, এটি হয়তো নিখুঁত দল নয়, তবে এটি হবে সহনশীল, একাগ্র ও নিঃস্বার্থ একটি দল। সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আমাকেই নিতে হয়। এখনই কেউ বলতে পারবে না আমি ভুল করেছি কি না। জুলাইয়ের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আরটিভি/এসকে