images

খেলা / ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ১০:৩৩ এএম

বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা মানেই কারও জন্য স্বপ্নপূরণ, আবার কারও জন্য হতাশার গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন রদ্রিগো গোয়েস, এডার মিলিতাও এবং তরুণ প্রতিভা এস্তেভাও উইলিয়ান। তবে চোটের বাইরেও বেশ কয়েকজন পরিচিত তারকা জায়গা পাননি কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে।

সোমবার(১৮মে) দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। আর সেই তালিকায় সবচেয়ে বড় চমক হয়ে এসেছে জোয়াও পেদ্রোর বাদ পড়া। চেলসির এই ফরোয়ার্ড চলতি মৌসুমে ১৫ গোল ও ৫ অ্যাসিস্ট করে ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হলেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার।  

গত মার্চের ফিফা উইন্ডোতে ব্রাজিল দলে থাকা আরও কয়েকজন ফুটবলারও এবার বাদ পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক গোলরক্ষক হুগো সুজা (করিন্থিয়ান্স) ও বেন্তো ম্যাথিউস (আল-নাসর), ফুলব্যাক কাইকি (ক্রুজেইরো), মিডফিল্ডার আন্দ্রে সান্তোস (চেলসি) ও গ্যাব্রিয়েল সারা (গালাতাসারেই), এবং ফরোয়ার্ড জোয়াও পেদ্রো (চেলসি)। 

এ ছাড়া জায়গা মেলেনি রিচার্লিসন ও আন্দ্রে পেরেইরার। সে সময় অবশ্য নিয়মিত গোলরক্ষক অ্যালিসন ও ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো’র ইনজুরির কারণে হুগো সুজা ও কাইকিকে দলে নেওয়া হয়েছিল।

অন্যদিকে অভিজ্ঞদের সঙ্গে আক্রমণভাগে ফিরেছেন নেইমার। তার সঙ্গে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও রাফিনিয়া। চমক দেখিয়ে দলে জায়গা পেয়েছেন বোর্নমাউথের রায়ান এবং ব্রেন্টফোর্ডের ইগর থিয়াগো।

এ ছাড়া আগের ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করা লুইজ হেনরিক এবং ম্যাথিউস কুনহাও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন। 

বাদ পড়া খেলোয়াড়দের নিয়ে দুঃখ প্রকাশ করেছেন আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, এই ২৬ জনকে বেছে নেওয়া খুব কঠিন ছিল। কারণ ব্রাজিলে প্রতিযোগিতা অনেক বেশি। আমাদের সঙ্গে এক বছর থাকা কিছু খেলোয়াড় এখন হতাশ, সেটা আমি বুঝি। তাদের প্রতি দুঃখপ্রকাশ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাই।

ফিফার নিয়ম অনুযায়ী, উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তন আনা যাবে। তবে বদলি খেলোয়াড়কে অবশ্যই প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় থাকতে হবে।

আরও পড়ুন
NEYMAR-ND-ANCHELTTI

নেইমারকে দলে নেওয়ার কারণ জানালেন কোচ কার্লো আনচেলত্তি

আগামী ২৭ মে থেকে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প শুরু করবে ব্রাজিল। ৩১ মে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে বিদায়ী প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর যুক্তরাষ্ট্রে গিয়ে ৬ জুন মিশরের বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে ব্রাজিল তাদের অভিযান শুরু করবে ১৩ জুন, প্রথম ম্যাচে প্রতিপক্ষ মরক্কো। একই গ্রুপে রয়েছে হাইতি ও স্কটল্যান্ড।

আরটিভি/এসকে