বুধবার, ২০ মে ২০২৬ , ০৫:১৯ পিএম
ঈদুল আজহার আগে বাংলাদেশ সফরে এসে নিজেদের সেরাটা দিতে পারেননি পাকিস্তান ক্রিকেটাররা। ফলে ঘরের মাটির পর বাংলাদেশেও হোয়াইটওয়াশ হয়েছে ম্যান ইন গ্রিনরা। এতে র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে দলটির। যে কারণে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানকে নিয়ে চলছে তুমুল সমালোচনা।
শুধু তাই নয় পাকিস্তানের এক তারকা ব্যাটসম্যানকে শাস্তিও দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগাকে আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে পাকিস্তানি এই ক্রিকেটারের নামের পাশে জুটেছে একটি ডিমেরিট।
মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগ করেছেন। শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো। সালমান দোষ স্বীকার করেছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত ২৪ মাসে এটি সালমানের দ্বিতীয় অপরাধ। এখন তার ডিমেরিট পয়েন্ট হলো দুই। আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট।
এর আগে চলতি বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর মেজাজ হারিয়েছিলেন সালমান। তার বিরুদ্ধে ২.২ নম্বর ধারা ভঙ্গের অভিযোগ উঠেছিল।
প্রসঙ্গত, দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ১০৪ রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।
আরটিভি/এসআর