images

খেলা / ক্রিকেট

ক্রিকেট বোর্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি,অল্পের জন্য রক্ষা

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৫:৩০ পিএম

ক্রিকেট কানাডার সদ্য নির্বাচিত সভাপতি অরবিন্দর খোসার বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কানাডার স্থানীয় সময় বুধবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে সিবিসি।

খোসা জানান, নিউটন এলাকায় অবস্থিত তার বাসভবন লক্ষ্য করে স্থানীয় সময় ভোর ৪টা ৪০ মিনিটে গুলি চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে কয়েকজন অবস্থান করলেও কেউ হতাহত হননি। সম্প্রতি আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তিনি আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ির দরজা, জানালা ও বাইরের দেয়ালে অন্তত পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে চাঁদাবাজি-সংক্রান্ত হামলা হিসেবে তদন্ত করছে।

সারে পুলিশের এক মুখপাত্র সিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘ফিফথ এস্টেট’কে দেওয়া ই-মেইলে জানান, হামলার শিকার বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আগে থেকেই চাঁদাবাজি-সংক্রান্ত হুমকি পাচ্ছিলেন।

এদিকে, ক্রিকেট কানাডার সঙ্গে সংঘবদ্ধ অপরাধচক্রের যোগাযোগ থাকার অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। এর আগে সিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং সংশ্লিষ্ট ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট অঙ্গনের কয়েকজন সদস্যকে ভয়ভীতি দেখিয়েছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, খোসার সঙ্গে স্থানীয় কয়েকজন খেলোয়াড়ের যোগাযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি ২০২৫ সালে জাতীয় দলের এক ক্রিকেটারকেও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

আরও পড়ুন
zim-vs-bd

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল জিম্বাবুয়ে

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চের শুরুতে ক্রিকেট কানাডার এক সাবেক বোর্ড সদস্যের বাড়িতেও পৃথক দুই ঘটনায় গুলি চালানো হয়েছিল। পরে নিরাপত্তাজনিত কারণে তিনি পরিবারসহ সাময়িকভাবে অন্যত্র সরে যান এবং শেষ পর্যন্ত পদত্যাগ করেন।

আরটিভি/এসকে