শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৯:৪২ পিএম
ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) এর দুইবারের কাপ সিরিজ চ্যাম্পিয়ন কাইল বুশ আর নেই। মাত্র ৪১ বছর বয়সে বৃহস্পতিবার (২১ মে) মারা গেছেন নাসকার ইতিহাসের অন্যতম সফল এই ড্রাইভার। পরিবার, রিচার্ড চিলড্রেস রেসিং এবং নাসকার কর্তৃপক্ষ যৌথ বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হয় বুশের। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো প্রকাশ করা হয়নি। মৃত্যুর মাত্র তিন দিন পরই শার্লট মোটর স্পিডওয়েতে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ কোকা-কোলা ৬০০ রেসে অংশ নেওয়ার কথা ছিল তার।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, বুধবার কনকর্ডে একটি রেসিং সিমুলেটর টেস্টিং চলাকালে হঠাৎ অচেতন হয়ে পড়েন বুশ। পরে দ্রুত তাকে শার্লটের একটি হাসপাতালে নেওয়া হয়।
নাসকার হল অব ফেমার কাইল বুশ এর ছোট ভাই কাইল বুশ স্ত্রী সামান্থা এবং দুই সন্তান ব্রেক্সটন ও লেনিক্সকে রেখে গেছেন।
নাসকার এক বিবৃতিতে বলেছে, আমাদের পুরো নাসকার পরিবার কাইল বুশের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বিরল প্রতিভার অধিকারী একজন ড্রাইভার, যিনি প্রজন্মে একবারই আসেন। তিনি ছিলেন প্রতিযোগিতামূলক, আবেগপ্রবণ এবং অসাধারণ দক্ষ একজন রেসার।
২০০৫ সালে ‘রুকি অব দ্য ইয়ার’ জয়ের মাধ্যমে নাসকার কাপ সিরিজে আলোচনায় আসেন কাইল বুশ। পরে জো গিবস রেসিংয়ের হয়ে ২০১৫ ও ২০১৯ সালে কাপ সিরিজ চ্যাম্পিয়ন হন তিনি। দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে জাতীয় সিরিজে মোট ২৩৪টি রেস জয়ের রেকর্ড গড়েন বুশ। এর মধ্যে রয়েছে ৬৩টি কাপ সিরিজ জয়, ১০২টি এক্সফিনিটি সিরিজ জয় এবং ৬৯টি ট্রাক সিরিজ জয় যা নাসকার ইতিহাসে রেকর্ড।
কাইল বুশের মৃত্যুতে পুরো মোটরস্পোর্টস বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। সতীর্থ, প্রতিদ্বন্দ্বী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করছেন নাসকারের এই কিংবদন্তিকে।
আরটিভি/এসকে