images

খেলা / ফুটবল

ওচোয়াকে নিয়েই মেক্সিকোর বিশ্বকাপ দল ঘোষণা

সোমবার, ০১ জুন ২০২৬ , ১২:০৩ পিএম

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মেক্সিকো। সবচেয়ে আলোচিত নাম অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া ৪০ বছর বয়সী এই তারকাকে দলে রেখেছেন কোচ হাভিয়ের আগিররে। বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামলে ওচোয়া হয়ে যাবেন ইতিহাসের প্রথম মেক্সিকান ফুটবলার, যিনি ছয়টি বিশ্বকাপে অংশ নেবেন।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে প্রথমবার জাতীয় দলে সুযোগ পান ওচোয়া। এরপর বিশ্বকাপ মঞ্চে তার একাধিক স্মরণীয় পারফরম্যান্স মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নিয়মিত না খেললেও অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণেই আগিররের পরিকল্পনায় জায়গা পেয়েছেন তিনি।

দলে অভিজ্ঞদের পাশাপাশি বড় সংখ্যায় রাখা হয়েছে তরুণদেরও। অধিনায়ক এদসন আলভারেজ এবং স্ট্রাইকার রাউল জিমেনেজ অভিজ্ঞতার মূল ভরসা। অন্যদিকে ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবের্তো মোরা বিশ্বকাপে খেললে মেক্সিকোর হয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার হওয়ার পথে থাকবেন।

এবারের স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই ন্যাচারালাইজড ফুটবলারও স্পেন-জন্মা মিডফিল্ডার আলভারো ফিদালগো এবং কলম্বিয়া-জন্মা ফরোয়ার্ড হুলিয়ান কুইনোনেস।

২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। ঘরের মাঠে মেক্সিকো সর্বশেষ বিশ্বকাপ আয়োজন করেছিল ১৯৮৬ সালে, যেখানে তারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এবারও সেই সাফল্য ছুঁয়ে দেখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দলটি।

বিশ্বকাপ শুরুর আগে বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মেক্সিকো। এরপর ১১ জুন ঐতিহাসিক এস্তাদিও আজতেকা-তে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা।

আরও পড়ুন
lpl

লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেলেন আরেক বাংলাদেশি

মেক্সিকোর বিশ্বকাপ দল

গোলরক্ষক: রাউল রাঙ্গেল, গিয়ের্মো ওচোয়া, কার্লোস আসেভেদো।

রক্ষণভাগ: হোর্হে সানচেজ, ইসরায়েল রেয়েস, সেসার মন্তেস, ইয়োহান ভাসকেস, হেসুস গায়ার্দো, মাতেও চাভেস।

মিডফিল্ড: এরিক লিরা, ওরবেলিন পিনেদা, আলভারো ফিদালগো, ব্রায়ান গুতিয়েরেস, লুইস রোমো, এদসন আলভারেজ, ওবেদ ভারগাস, গিলবের্তো মোরা, লুইস চাভেস।

ফরোয়ার্ড: রোবের্তো আলভারাদো, সেসার হুয়ের্তা, আলেক্সিস ভেগা, হুলিয়ান কুইনোনেস, গিয়ের্মো মার্তিনেজ, আর্মান্দো গনসালেস, সান্তিয়াগো হিমেনেজ, রাউল জিমেনেজ।

রটিভি/এসকে