মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১২:৪৬ পিএম
আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে নতুন করে আলোচনায় এসেছে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার বিশ্লেষণ। প্রতিষ্ঠানটির ১০ হাজার সিমুলেশনের ভিত্তিতে প্রকাশিত পূর্বাভাসে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, ফলে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদেরই এখন শিরোপার প্রধান দাবিদার হিসেবে দেখা হচ্ছে।
অপটার হিসাব অনুযায়ী স্পেনের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। এরপর রয়েছে ফ্রান্স (১৩%), ইংল্যান্ড (১১.২%) এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (১০.৪%)। এই চার দলকেই শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে সুপারকম্পিউটার।
স্পেনের শক্তির পেছনে বড় ভূমিকা রাখছেন তরুণ তারকা লামিন ইয়ামাল, অধিনায়ক রদ্রি, ফেরান তোরেস, মিকেল মেরিনো ও মিকেল ওইয়ারসাবাল। ইউরো ২০২৪ জয়ের পর থেকে ধারাবাহিক পারফরম্যান্সও তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে ফ্রান্স, হ্যারি কেইনকে সামনে রেখে ইংল্যান্ড এবং লিওনেল মেসির আর্জেন্টিনা শক্ত অবস্থানে রয়েছে। শিরোপা ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ থাকলেও আর্জেন্টিনাকে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
শিরোপার লড়াইয়ে দ্বিতীয় সারির শক্তিশালী দল হিসেবে পর্তুগাল, ব্রাজিল ও জার্মানির নামও উল্লেখ করা হয়েছে। অপটার মতে, পর্তুগালের শিরোপা জয়ের সম্ভাবনা ৭ শতাংশ, ব্রাজিলের ৬.৬ শতাংশ এবং জার্মানির ৫.১ শতাংশ।
বিশ্বকাপটি এবার ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ হিসেবে থাকছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১১ জুন এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে।
নতুন দল হিসেবে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে। অন্যদিকে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে একমাত্র অনুপস্থিত থাকবে ইতালি।
আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সম্ভাবনা তুলনামূলক কম হলেও নিজেদের মাঠে তারা চমক দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সুপারকম্পিউটারের পূর্বাভাসে এখনো সবচেয়ে এগিয়ে স্পেনই।
আরটিভি/এসকে