মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ০৭:১৭ পিএম
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে অভিজ্ঞ ফুটবলারদের ওপর ভরসা রেখেই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন তুরস্ক কোচ ভিনচেঞ্জো মন্তেলা।
মঙ্গলবার (২ জুন) ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। স্কোয়াডে রয়েছেন হাকান চালহানোগলু, আরদা গুলের, কেরেম আকতুরকোগলু, বারিশ আলপার ইলমাজ ও ইউসুফ ইয়াজিচির মতো পরিচিত মুখরা।
মিডফিল্ডে বড় কোনো ঝুঁকি নেননি মন্তেলা। স্পোর্টিং ব্রাগার ডেমির এগে তিকনাজ দলে জায়গা পাননি। তার বদলে গালাতাসারাইয়ের কান আইহান ও বরুসিয়া ডর্টমুন্ডের সালিহ ওজচানকে নিয়েছেন তুরস্ক কোচ।
ইন্টার মিলানের অভিজ্ঞ মিডফিল্ডার চালহানোগলুর সঙ্গে এই বিভাগে আছেন ইসমাইল ইউকসেক ও অরকুন ককচুও। আক্রমণভাগেও কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছেন মন্তেলা।
ড্যানিশ লিগের মৌসুমসেরা ফুটবলার আরাল সিমসির জায়গা হয়নি চূড়ান্ত দলে। তবে ইরফান জান কাহভেজিকে রাখা হয়েছে। রিয়াল মাদ্রিদের আরদা গুলের, জুভেন্টাসের কেনান ইলদিজ, গালাতাসারাইয়ের বারিশ আলপার ইলমাজ ও ফেনারবাচের কেরেম আকতুরকোগলুর উপস্থিতিতে আক্রমণভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ থাকছে।
তুরস্কের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলতাই বাইন্দির, মের্ত গুনোক, উগুরজান চাকির।
ডিফেন্ডার: আবদুলকেরিম বারদাকচি, চাগলার সোয়ুনচু, এরেন এলমালি, ফেরদি কাদিওগলু, মেরিহ দেমিরাল, মের্ত মুলদুর, ওজান কাবাক, সামেত আকায়দিন, জেকি চেলিক।
মিডফিল্ডার: হাকান চালহানোগলু, ইসমাইল ইউকসেক, কান আইহান, অরকুন ককচু, সালিহ ওজচান।
ফরোয়ার্ড: আরদা গুলের, বারিশ আলপার ইলমাজ, জান উজুন, দেনিজ গুল, ইরফান জান কাহভেজি, কেনান ইলদিজ, কেরেম আকতুরকোগলু, ওগুজ আইদিন, ইউনুস আকগুন।
উল্লেখ্য, বিশ্বকাপে তুরস্ক খেলবে গ্রুপ ডি-তে। নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে মন্তেলার দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তুরস্কের প্রতিপক্ষ সহআয়োজক যুক্তরাষ্ট্র।
আরটিভি/এসআর