images

খেলা / ক্রিকেট

বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৫:৪০ পিএম

পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শন টেইট। বুধবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

যদিও দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পরও আরও কিছুদিন দলের সঙ্গে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন টেইট, তবে আলোচনার পর উভয় পক্ষই মনে করেছে এখনই দায়িত্ব ছাড়ার উপযুক্ত সময়।

২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যোগ দেন টেইট। দায়িত্ব নেওয়ার পর জাতীয় দলের পেস আক্রমণের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার অধীনে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররা ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। বিশেষ করে নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমানসহ বেশ কয়েকজন পেসারের উন্নতি চোখে পড়েছে।

বিদায়বেলায় টেইট বলেন, বাংলাদেশ জাতীয় দলের প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করা তাঁর জন্য গর্বের বিষয় ছিল। তিনি জানান, সিদ্ধান্তটি সহজ ছিল না, তবে বিসিবির সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে বাংলাদেশের পেসারদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এই অস্ট্রেলিয়ান কোচ।

টেইটের সঙ্গে বিসিবির চুক্তি ছিল ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত। তবে পারিবারিক কারণের পাশাপাশি ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচিংয়ের সুযোগের বিষয়েও আলোচনা রয়েছে। জানা গেছে, সেখানে কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছেন তিনি।

আরও পড়ুন
bd-vs-aust

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

এদিকে টেইটের বিদায়ের পর আপাতত জাতীয় দলের পেস বোলিং ইউনিটের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। বর্তমানে তিনি বাংলাদেশ দলের হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এবং প্রয়োজন হলে জিম্বাবুয়ে সিরিজেও দলের সঙ্গে কাজ করতে পারেন তিনি।

আরটিভি/এসকে