images

খেলা / ক্রিকেট

পারফর্ম করেও জিম্বাবুয়ের বিপক্ষে দলে জায়গা হয়নি রবিনের

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৫:৫৩ পিএম

জাতীয় দলের পাইপলাইন মজবুত করতে বড় ভূমিকা পালন করে হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগ। যে কারণে প্রতি বছরই এইচপি বিভাগের জন্য আলাদা খেলার সূচি তৈরীর চেষ্টা ও পরিকল্পনা থাকে বিসিবির। আসন্ন মৌসুমেও এইচপি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় পরিকল্পনা রয়েছে। 

তারই ধারাবাহিকতায় জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে সিরিজ খেলতে যাচ্ছে এইচপি বিভাগ। তিন ওয়ানডের সঙ্গে রয়েছে দুটি চার দিনের ম্যাচ। ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি মাহফিজুল ইসলাম রবিনের। গেল বছরখানেক ধরে রান করে গেছেন এই ব্যাটার। 

চলমান ঢাকা লিগে রবিন এখন পর্যন্ত করেছেন ৮ ম্যাচে ৪০৬ রান। যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান। গেল বছরের প্রিমিয়ার লিগে ৪৭ গড়ে রবিন করেছিলেন ৫১২ রান। এরপর সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৪১ গড়ে ১২৩ রান। ৫০ ওভারের বিসিএল, সেখানে ৫৫ গড়ে করেছিলেন ১৬৩ রান।

রবিনের মতো পারফর্মারের কেন এইচপি দলে জায়গা হলো না এমন প্রশ্নের ব্যাখা দিয়েছেন বিসিবি নির্বাচক নাইম ইসলাম। তিনি বলেন, সামনে অনেক খেলা আছে তাকে দেখতে পারবেন। এই সিরিজে যাদেরকে নিয়েছি তাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে রবিনের থেকে। সে ভালো খেলতেছে প্রিমিয়ার লিগটা শেষ করুক।

তিনি আরও বলেন, সামনেও অনেক খেলা রয়েছে অবশ্যই সুযোগ পাবে সে। জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলে তার চান্স রয়েছে।  আমাদের চিন্তা ভাবনায় সে রয়েছে। সামনের জন্য যে খেলা রয়েছে সেই চিন্তায় রবিন রয়েছে।

আরও পড়ুন
TAIT

বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট

৫০ ওভারের ক্রিকেটে গেল বছরখানেক ধরে বেশ ধারাবাহিক রবিন, পরিসংখ্যানই দাবি করে এমনটা। ৫০ ওভারে যতগুলো টুর্নামেন্ট খেলেছেন, তার মধ্যে সবচেয়ে কম গড় ছিল ৩৫। লিস্ট-এ ক্রিকেটে এখন অব্দি ৩৯ ম্যাচে ৪৬ গড়ে করেছেন ১৫৯৪ রান রয়েছে রবিনের। 

প্রথম দুই ওয়ানডের এইচপি দল

জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইফতেখার হোসেন ইফতি, ইয়াসির আলী চৌধুরী, মোঃ আকবর আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান, খালেদ আহমেদ, মুশফিক হাসান, আলিস আল ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান।

তৃতীয় ওয়ানডের দল 

জাকির হাসান, শাহাদাত হোসেন, অমিত হাসান, আশিকুর রহমান শিবলি, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী, সামিউন বসির রাতুল, আব্দুল গাফফার সাকলাইন, চৌধুরী রেজওয়ান. রবিউল হক, আবু হাশিম, মঈন খান, রোহানাত দৌলা বর্ষণ, খালেদ আহমেদ।

আরটিভি/এসকে