বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১০:০১ পিএম
২০২৬ ফিফা বিশ্বকাপের পর্দা ওঠার আগেই ফুটবলপ্রেমীদের আলোচনার কেন্দ্রে এসেছে এক ব্যতিক্রমী চরিত্র একটি হাঙর। তবে এটি কোনো সমুদ্রের আতঙ্ক নয়, বরং বিশ্বকাপের ম্যাচ ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় জায়গা করে নিয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’।
বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয় হবে বলে ইঙ্গিত দিয়েছে রিতিনিয়া। বুধবার(৩জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ এক আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফল অনুমানের চেষ্টা করা হয়। এ সময় হাঙরটির সামনে দুই দলের প্রতীকসংবলিত দুটি বিকল্প রাখা হয়েছিল। সেখান থেকে রিতিনিয়া ব্রাজিলের প্রতীক বেছে নেয়, যা আয়োজকদের মতে ব্রাজিলের জয়ের পূর্বাভাস।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সাম্প্রতিক সময়ে মরক্কোর ধারাবাহিক উন্নতি এবং বড় টুর্নামেন্টে চমক দেখানোর সক্ষমতার কারণে ম্যাচটি ইতোমধ্যেই ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
ফুটবলে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফল অনুমানের ঘটনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। সেই স্মৃতিকে সামনে রেখেই রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ এবার রিতিনিয়াকে নিয়ে এমন আয়োজন করেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের খেলাতেই। ব্রাজিল ও মরক্কোর লড়াইয়ের ভাগ্য নির্ধারণ করবেন ফুটবলাররাই। তারপরও বিশ্বকাপের উত্তেজনা বাড়াতে এবং ভক্তদের আগ্রহ ধরে রাখতে এমন ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরটিভি/এসকে