শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৬:১০ পিএম
ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর কয়েক মাসের মধ্যেই অধিনায়কত্ব হারানোর শঙ্কায় পড়েছেন সূর্যকুমার যাদব। ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিতব্য টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন শ্রেয়াস আইয়ার।
শনিবার(৬জুন) বিসিসিআইয়ের বোর্ড সভায় দল ও অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক এবং পরবর্তী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।
গত মার্চে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তবে টুর্নামেন্টে তার ব্যক্তিগত পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ৯ ইনিংসে তিনি ২৪২ রান করলেও স্ট্রাইক রেট ছিল ১৩৬.৭২। এছাড়া আইপিএলের সর্বশেষ মৌসুমেও ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেন তিনি, যেখানে তার গড় ছিল ২০.৭৬।
এমন পারফরম্যান্সের কারণে শুধু অধিনায়কত্ব নয়, পুরো টি-টোয়েন্টি স্কোয়াডে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। ৩৫ বছর বয়সী এই ব্যাটারকে আসন্ন সিরিজের দল থেকে বাদ দেওয়া হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে থাকা শ্রেয়াস আইয়ারের ভাগ্য খুলতে যাচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বরের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও অধিনায়ক হিসেবে তার সাফল্য নির্বাচকদের আস্থা অর্জন করেছে। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন তিনি। এছাড়া দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকেও ফাইনালে তুলেছিলেন।
ব্যাট হাতেও ধারাবাহিক ছিলেন শ্রেয়াস। আইপিএল ২০২৫ মৌসুমে ৬০৪ রান করেন ১৭৫.০৭ স্ট্রাইক রেটে। ২০২৬ মৌসুমে তার সংগ্রহ ৪৯৮ রান, স্ট্রাইক রেট ১৬৮.৮১।
এদিকে, ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় হিসেবে আলোচনায় থাকা ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীও জাতীয় দলের ডাক পেতে যাচ্ছেন। আইপিএলের সাম্প্রতিক মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করে ৭৭৬ রান করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩০।
ইতোমধ্যে সূর্যবংশীকে ভারত ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৯ থেকে ২১ জুন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন তিনি। ওই আসরে অংশ নেবে আফগানিস্তানও।
ভারত আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর ১ থেকে ১১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। সেই সিরিজগুলোর দল ঘোষণার মধ্য দিয়েই ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।
আরটিভি/এসকে