images

খেলা / ফুটবল

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন কোচ আনচেলত্তি

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০২:৩১ পিএম

ব্রাজিল জাতীয় দলের তারকা ফরোয়ার্ড নেইমারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে তার অংশগ্রহণ এখনো অনিশ্চিত বলে জানা গেছে।

বাম পায়ের গ্রেড-২ কাফ মাসল স্ট্রেইনের কারণে বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। তার চোটের সর্বশেষ অবস্থা মূল্যায়নের জন্য সোমবার(৮জুন) এমআরআই স্ক্যান করা হবে। এ কারণে যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে মিশরের বিপক্ষে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচে তিনি খেলতে পারবেন না।

ব্রাজিলের প্রধান কোচ আনচেলত্তি জানিয়েছেন, নেইমার ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং তার উন্নতি সন্তোষজনক। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহে তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরতে পারেন বলে আশা প্রকাশ করেন কোচ।

তবে ইনজুরির ১৯ দিন পার হলেও মরক্কোর বিপক্ষে ১৩ জুনের উদ্বোধনী ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে তিনি মূলত জিমে অনুশীলন করেছেন এবং মাঠে সীমিত পরিসরে হালকা ব্যায়ামে অংশ নিয়েছেন।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার ফিজিওথেরাপি চালিয়ে যাবেন এবং ধাপে ধাপে তার পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে। টুর্নামেন্ট চলাকালীন যত দ্রুত সম্ভব তাকে ম্যাচ ফিট করে তোলাই দলের লক্ষ্য।

আরও পড়ুন
ASIAN-GAMES

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশসহ চূড়ান্ত হলো ১০ দল

উল্লেখ্য, এটি নেইমারের সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ। এর আগে তিনি ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিয়ে মোট ৮টি গোল করেছেন। ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি।

আরটিভি/এসকে