images

খেলা / ক্রিকেট

ফের ভারতের টেস্ট আম্পায়ার হলেন বাংলাদেশের শরফুদ্দৌলা

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৩:৫১ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে দক্ষতা ও নির্ভুল সিদ্ধান্তের জন্য প্রশংসিত বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আবারও ভারতের একটি টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করছেন। বর্তমানে আফগানিস্তানের বিপক্ষে ভারতের চলমান একমাত্র টেস্টে তিনি অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইসিসির এলিট প্যানেলের সদস্য হওয়ার পর থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে নিয়মিত দায়িত্ব পাচ্ছেন শরফুদ্দৌলা। নিরপেক্ষ আম্পায়ারিং নীতির আওতায় ভারতের ম্যাচসহ বিভিন্ন বড় আন্তর্জাতিক সিরিজে তাকে দেখা গেছে।

এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফি, ভারত-ইংল্যান্ড সিরিজ এবং ভারত-নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ারিং করেছেন এই বাংলাদেশি কর্মকর্তা। গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের মধ্যে থেকেও সঠিক সিদ্ধান্ত দেওয়ার সক্ষমতার কারণে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তিনি বিশেষভাবে প্রশংসিত হয়েছেন।

বিশেষ করে ২০২৪ সালের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনকালে যশস্বী জয়সওয়ালের একটি আউটের সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা হয়। স্নিকো প্রযুক্তিতে স্পষ্ট সংকেত না পাওয়া গেলেও বলের গতিপথ বিশ্লেষণ করে আউটের সিদ্ধান্ত দেন তিনি। পরবর্তীতে ক্রিকেট বিশ্লেষকদের একটি বড় অংশ সেই সিদ্ধান্তকে সমর্থন করেন।

এ ছাড়া ভারত-ইংল্যান্ড ওয়ানডে ও টেস্ট সিরিজ এবং অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজেও দায়িত্ব পালন করে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন শরফুদ্দৌলা। সর্বশেষ ভারত-নিউজিল্যান্ড সিরিজে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করার পর এবার তাকে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাচ্ছে।

আরও পড়ুন
WORLDCUP

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ

ক্রিকেট প্রশাসনের প্রচলিত নিয়ম অনুযায়ী, আইসিসি এলিট প্যানেলের আম্পায়াররা নিরপেক্ষতার ভিত্তিতে বিভিন্ন দেশের ম্যাচ পরিচালনা করেন। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ দল ভারতের ম্যাচেও নিয়মিত দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অভিজ্ঞ এই আম্পায়ার।

আরটিভি/এসকে