শনিবার, ০৬ জুন ২০২৬ , ১০:০১ পিএম
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে ভারতের। যার ফলে বাংলাদেশিদের ভিসা বাতিলসহ বেশকিছু সিদ্ধান্ত নেয় দেশটি। এমনকি আইসিসির নির্ধারিত সিরিজ ও সাফ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে দল পাঠাতেও অস্বীকৃতি জানিয়েছিল তারা।
তবে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বদলে গেছে চিত্র। বাংলাদেশে দল পাঠাচ্ছে ভারত সরকার। ঢাকায় আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ভারত।
আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে কোনো ভারতীয় দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে পাঁচদিন ব্যাপী বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফি-২০২৬।
এর আগে ২০২৫ সালে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা ছিল কোহলি-রোহিতদের। কিন্তু সরকার থেকে অনুমতি না পাওয়ায় এই সিরিজ স্থগিত রাখার আবেদন জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে জাতীয় নির্বাচনের পরপরই এই সিরিজ খেলতে ইচ্ছা প্রকাশ করে ভারত। নতুন সূচি অনুসারে, চলতি বছরের আগস্টে ঢাকা সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের।
বিসিবির প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে পা রাখবে। আর ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৬ সেপ্টেম্বর। এরপর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।
ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও ফুটবলেও একগুয়েমি দেখিয়েছিল ভারত। গত বছর জুলাইয়ে ঢাকায় শুরু হয়েছিল অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেই টুর্নামেন্টে অংশ দিতে দল পাঠিয়েছিল না প্রতিবেশি দেশটি।
তবে স্বস্থির খবর হলো, এবার হ্যান্ডবল দলকে বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। দেশটি ছাড়াও নেপাল, ইয়েমেন, মালদ্বীপ, আফগানিস্তান ও বাংলাদেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই বয়স ভিত্তিক আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্টে।
অনূর্ধ্ব-২০ বিভাগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, নেপাল ও ইয়েমেন। ‘বি’ গ্রুপে মালদ্বীপ, আফগানিস্তান ও স্বাগতিক বাংলাদেশ। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলগুলো নিয়ে হবে সেমিফাইনাল। ১৪ জুন ফাইনাল।
অনূর্ধ্ব-১৮ বিভাগের ম্যাচগুলো রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দলটি পরবে চ্যাম্পিয়নের মুকুট।
বিশ্বজুড়ে হ্যান্ডবলের মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে তরুণ খেলোয়াড়দের আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ করে দিতে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন পুরো এশিয়া মহাদেশকে কয়েকটি ভৌগোলিক জোনে বা অঞ্চলে ভাগ করেছে।
আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী দক্ষিণ ও মধ্য এশিয়া নিয়ে গঠিত হয়েছে এশিয়ান জোন-২। এই জোনের অধীনে বিভিন্ন টুর্নামেন্টের অন্যতম এবারের বয়সভিত্তিক আইএইচএফ ট্রফি। এই জোনে চ্যাম্পিয়ন হওয়া দলটি পরবর্তী সময়ে পুরো এশিয়া মহাদেশের মূল পর্বে কন্টিনেন্টাল ফেসে খেলার সুযোগ পাবে।
আরটিভি/এসআর