সোমবার, ০৮ জুন ২০২৬ , ০৪:২০ পিএম
বিশ্বকাপকে সামনে রেখে ভিসা জটিলতা ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই মেক্সিকো পৌঁছেছে ইরান জাতীয় ফুটবল দল। তুরস্ক থেকে মেক্সিকোর উদ্দেশে রওনা হওয়ার আগে ইরানি ফুটবলারদের পবিত্র কোরআনে চুমু দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সময় রোববার (৭জুন) ভোর ৫টার দিকে যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী মেক্সিকোর তিহুয়ানা শহরে পৌঁছায় ‘টিম মেল্লি’। বিমানবন্দরে উপস্থিত ছোট একটি সমর্থকগোষ্ঠী দলটিকে উষ্ণ অভ্যর্থনা জানায়। সমর্থকদের মধ্যে ছিলেন তিহুয়ানার বাসিন্দা সাদেগ গালাভি, যিনি ইরানের জার্সি পরে দলকে স্বাগত জানাতে ভোরে বিমানবন্দরে উপস্থিত হন।
গালাভি বলেন, আমার জাতীয় দল আমার শহরে এসেছে। তাদের স্বাগত জানানো আমার জন্য গর্বের বিষয়।
তবে বিশ্বকাপ শুরুর আগেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে ইরান। খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা পেলেও প্রতিনিধি দলের প্রায় ১৫ জন কর্মকর্তা ভিসা পাননি বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ, যিনি আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত ছিলেন।
ভিসা জটিলতা নিয়ে হতাশা প্রকাশ করে গালাভি বলেন, খেলাধুলা শান্তির প্রতীক হওয়া উচিত। রাজনীতি ও খেলাধুলা একসঙ্গে মিশে গেলে তার নেতিবাচক প্রভাব পড়ে।
ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়েও কিছুদিন আগে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক উত্তেজনার কারণে দলটির প্রস্তুতি ও অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়। শেষ পর্যন্ত ফিফার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে দেশটি।
নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুসনের পরিবর্তে মেক্সিকোর তিহুয়ানাকে বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে ইরান। দলটির হোটেল ও অনুশীলন ভেন্যুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মেক্সিকান পুলিশ ও সামরিক বাহিনীর সশস্ত্র সদস্যরা দলটির নিরাপত্তা নিশ্চিত করছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে খেলবে ইরান। রাজনৈতিক বিতর্ক ও প্রশাসনিক জটিলতার মধ্যেও দলটির সমর্থকরা আশাবাদী, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নতুন সাফল্য অর্জন করতে পারবে ইরান।
আরটিভি/এসকে