বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০২:১৯ পিএম
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার প্রথম শিরোপা জয়কে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ইতিহাসবিদদের এক দাবি। তাদের মতে, ১৯৭৮ সালের বিশ্বকাপে স্বাগতিক আর্জেন্টিনার সাফল্যের পেছনে দেশটির সামরিক জান্তার প্রভাব ছিল এবং গুরুত্বপূর্ণ একটি ম্যাচ পাতানোর অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে।
ফিফার সদর দপ্তরে অনুষ্ঠিত ‘দ্য রেলেভেন্স অ্যান্ড ইমপ্যাক্ট অব ফিফা ওয়ার্ল্ড কাপস’ শীর্ষক চার দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়ামে শিক্ষাবিদ ও গবেষকরা বিশ্বকাপ ইতিহাসের বিতর্কিত অধ্যায়গুলো তুলে ধরেন। সেখানে দাবি করা হয়, ১৯৩৪ সালে ইতালি এবং ১৯৭৮ সালে আর্জেন্টিনা দুই স্বাগতিক দেশই রাজনৈতিক ক্ষমতার প্রভাব ব্যবহার করে বিশ্বকাপ জয়ে সুবিধা পেয়েছিল।
ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও লাতিন আমেরিকার ইতিহাসবিদ রানান রেইন বলেন, ১৯৭৮ বিশ্বকাপে পেরুর বিপক্ষে আর্জেন্টিনার ৬-০ গোলের জয় নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। ফাইনালে উঠতে আর্জেন্টিনার অন্তত চার গোলের ব্যবধানে জয়ের প্রয়োজন ছিল। সেই ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়ার ফলে ব্রাজিল বিদায় নেয় এবং আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নেয়।
রেইনের দাবি, আর্জেন্টিনার সামরিক সরকার ম্যাচটির ফল নিজেদের অনুকূলে আনতে বিদেশি একটি সরকারের সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছেছিল। তবে তিনি একই সঙ্গে উল্লেখ করেন, সেই আর্জেন্টিনা দলটি মাঠে অসাধারণ ফুটবল খেলেছিল এবং তাদের সামর্থ্য বিশ্বকাপ জয়ের মতোই ছিল।
গবেষকদের মতে, ১৯৭৬ সালে ক্ষমতা দখল করা সামরিক জান্তা আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে ছিল। সেই পরিস্থিতিতে ১৯৭৮ সালের বিশ্বকাপকে তারা নিজেদের ভাবমূর্তি উন্নয়ন এবং রাজনৈতিক প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল।
অন্যদিকে ইতালীয় গবেষক মার্কো ইম্পিলিয়া তার গবেষণাপত্রে দাবি করেন, ১৯৩৪ সালের বিশ্বকাপে ফ্যাসিস্ট শাসক বেনিতো মুসোলিনি রেফারিদের ওপর প্রভাব খাটিয়ে স্বাগতিক ইতালির পক্ষে সিদ্ধান্ত নিশ্চিত করেছিলেন।
সম্মেলনের সহ-আয়োজক স্টিফান রিঙ্কে বলেন, বিশ্বকাপ কেবল একটি ক্রীড়া আয়োজন নয়, এটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক দশকগুলোতে ব্রাজিল, রাশিয়া ও কাতারের মতো দেশগুলোকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া ফুটবল ও রাজনীতির ঘনিষ্ঠ সম্পর্ককেই তুলে ধরে।
তবে উল্লেখযোগ্য বিষয় হলো, ১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ এবং ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপ নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ উঠলেও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ কখনও আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি। এরপরও ইতিহাসবিদদের এই নতুন আলোচনা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়কে আবারও সামনে নিয়ে এসেছে।
সূত্র: সিবিসি
আরটিভি/এসকে