রোববার, ১৪ জুন ২০২৬ , ০৬:০৬ পিএম
কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এই ম্যাচ দিয়ে আবারও একাদশে ফিরতে যাচ্ছে অভিজ্ঞ বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।
রোববার (১৪ জুন) হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।
গত মাসে বুন্দেসলিগার মৌসুমের শেষ ম্যাচে কাফ ইনজুরিতে (পায়ের পেশির চোট) পড়েছিলেন এই অভিজ্ঞ গোলরক্ষক। যার কারণে টুর্নামেন্ট শুরুর আগে ফিনল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে কোচ ইউলিয়ান নাগেলসম্যান নিশ্চিত করেছেন যে নয়্যার খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন।
২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে টানা দুইবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর এবার জার্মানির ওপর ভালো পারফর্ম করার ব্যাপক চাপ রয়েছে। তাই কোচ নাগেলসম্যান চাইবেন প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া কুরাসাও দলের বিপক্ষে বড় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে।
তাই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে চারবারের চ্যাম্পিয়নরা। অধিনায়ক জশুয়া কিমিচ এই মৌসুমে বায়ার্নের হয়ে সেন্ট্রাল মিডফিল্ডে দারুণ খেললেও, আজকের ম্যাচে তাকে রাইট-ব্যাক পজিশনে দেখা যেতে পারে। রক্ষণভাগে তার সঙ্গে যোগ দিতে পারেন ক্লাব সতীর্থ জোনাথান তা, বরুসিয়া ডর্টমুন্ডের নিকো শ্লটারবেক এবং আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টের নাথানিয়েল ব্রাউন।
সেন্ট্রাল মিডফিল্ডে আলেকসান্ডার পাভলোভিচের সঙ্গী হতে পারেন ফেলিক্স নমেচা। তারা দুজনে আক্রমণভাগের তিন খেলোয়াড় ফ্লোরিয়ান ভির্টজ, জামাল মুসিয়ালা এবং লেরয় সানের পেছনে থেকে মূল স্ট্রাইকার কাই হাভার্টজকে বল জোগান দেবেন।
আর্সেনাল ফরোয়ার্ড হাভার্টজ বর্তমানে বেশ ভালো ফর্মে আছেন। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারলেও গোল করেছিলেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে জার্মানির ২-১ ব্যবধানে জেতা প্রস্তুতি ম্যাচেও প্রথম গোলটি এসেছিল তার পা থেকেই।
এক নজরে জার্মানির সম্ভাব্য একাদশ: ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিচ, জোনাথান তা, নিকো শ্লটারবেক, নাথানিয়েল ব্রাউন, ফেলিক্স নমেচা, পাভলোভিচ, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।
আরটিভি/এসআর