রোববার, ১৪ জুন ২০২৬ , ০৯:৪১ পিএম
আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা বিশ্বকাপ যাত্রা শুরু করতে যাচ্ছে পর্তুগাল। আসন্ন এই টুর্নামেন্টে ক্রিশ্চিয়ানো রোনালদোদের হাতে দেখা যাবে বিশেষ এক রিস্টব্যান্ড।
মূলত, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সতীর্থ ফুটবলার দিয়োগো জোটার প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নিয়েছে পর্তুগিজ দলটি। পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনিগ্রো খেলোয়াড়দের এই বিশেষ রিস্টব্যান্ড উপহার দিয়েছেন।
এতে বর্তমানে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব খেলোয়াড়ের নামের পাশাপাশি প্রয়াত ফরোয়ার্ড দিয়োগো জোটার নামও খোদাই করা হয়েছে। বিশেষ এই রিস্টব্যান্ড পরে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা।
এ প্রসঙ্গে পিএসজির এই তারকা বলেন, আমরা যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তখন তিনি আমাদের এই রিস্টব্যান্ড উপহার দেন। এটা আমরা মাঠে পরব। এতে সব খেলোয়াড়ের নামের সঙ্গে দিয়োগো জোটার বিশেষ নামও রয়েছে।
গত বছর স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুল তারকা দিয়োগো জোটা ও তার ভাই। জীবিত থাকলে হয়তো কোচ রবার্তো মার্টিনেজের বিশ্বকাপ স্কোয়াডে তার জায়গা নিশ্চিত ছিল।
২০১৯ সালে পর্তুগাল দলে অভিষেকের পর ৪৯ ম্যাচ খেলে ১৪ গোল করেছিলেন তিনি। এছাড়া ক্লাব ফুটবলে লিভারপুল, অ্যাতলেটিকো মাদ্রিদ, পোর্তো ও উলভারহ্যাম্পটনেও নাম লিখিয়েছিলেন জোটা। ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়ে খেলেন ১৮২ ম্যাচ, করেন ৬৫ গোল।
আরটিভি/এসআর