images

খেলা / ফুটবল

গোলকিপার নিয়ে মধুর সমস্যায় স্পেন

সোমবার, ১৫ জুন ২০২৬ , ০১:৪২ পিএম

স্পেন জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ প্রস্তুতিতে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে গোলকিপার পজিশন। ইউরো ২০২৪ জয়ের অন্যতম নায়ক উনাই সিমন, প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা ডেভিড রায়া এবং উদীয়মান তারকা হোয়ান গার্সিয়াকে নিয়ে স্প্যানিশ কোচিং স্টাফ এখন ইতিবাচক এক দুশ্চিন্তায় রয়েছে।

আর্সেনালের গোলরক্ষক ডেভিড রায়া গত কয়েক মৌসুম ধরেই ধারাবাহিকভাবে নজরকাড়া পারফরম্যান্স করে আসছেন। ২০২৫-২৬ মৌসুমে ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন। তবুও স্পেনের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে এখনো এগিয়ে রয়েছেন উনাই সিমন। 

প্রতিযোগিতাকে ইতিবাচকভাবে দেখছেন ডেভিডি রায়া। তার মতে, দলে থাকা গোলরক্ষকদের মধ্যে সুস্থ প্রতিদ্বন্দ্বিতা সবাইকে আরও উন্নত হতে সাহায্য করে এবং যে-ই মাঠে নামুক, সে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে।

এদিকে বিশ্বকাপ স্কোয়াডে থাকা তরুণ গোলকিপার হোয়ান গার্সিয়া ও আলোচনায় রয়েছেন। বার্সেলোনার হয়ে গত মৌসুমে চমৎকার পারফরম্যান্সের কারণে তাকে স্প্যানিশ ফুটবলের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যদিও টুর্নামেন্টের শুরুতেই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম, তবে তার উপস্থিতি দলে প্রতিযোগিতার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

ফলে স্পেনের প্রধান কোচ দে লা ফুয়েন্তে এমন এক অবস্থায় রয়েছেন, যেখানে তিনজন মানসম্পন্ন গোলকিপারের মধ্যে সেরা বিকল্প বেছে নিতে হচ্ছে। বিশ্বকাপের মতো বড় আসরে এটি নিঃসন্দেহে একটি ‘মধুর সমস্যা’।

আরও পড়ুন
newyork

নিউইয়র্কে বিশ্বকাপের বাসে আগুন, গুলিবর্ষণের ঘটনা

বিশ্লেষকদের ধারণা, কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচে গোলবারের নিচে দেখা যেতে পারে উনাই সিমনকে। তবে বেঞ্চে ডেভিড রায়া ও হোয়ান গার্সিয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প থাকায় স্বস্তিতে রয়েছে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দলের এই গভীরতা বিশ্বকাপ অভিযানে স্পেনকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

আরটিভি/এসকে