বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৮:৩৭ এএম
আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে দুই গোলে এগিয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের দুই গোলই করেছেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি ম্যাচে ব্যক্তিগত অর্জনের খাতায়ও যোগ করেছেন নতুন ইতিহাস।
ম্যাচের প্রথমার্ধে দৃষ্টিনন্দন এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। বিরতির পরও আক্রমণাত্মক খেলায় ধারাবাহিকতা বজায় রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬০তম মিনিটে ম্যাক অ্যালিস্টারের দূরপাল্লার শট আলজেরিয়ার গোলরক্ষক জিদান পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে ফিরতি বলে সহজেই জাল খুঁজে নেন মেসি। তার জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপ মঞ্চে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৫-তে। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
এদিকে ম্যাচটি মেসির ক্যারিয়ারে আরেকটি ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপের ছয়টি পৃথক আসরে খেলা প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
বিশ্বকাপে মেসির পথচলা শুরু হয়েছিল ২০০৬ সালের ১৬ জুন। ২০০৬ ফিফা বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছিল তার। মাত্র ১৬ মিনিট মাঠে থেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে নিজের আগমনের জানান দিয়েছিলেন তরুণ মেসি। দুই দশক পর একই দিনে নতুন রেকর্ড গড়ে বিশ্ব ফুটবলে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও উজ্জ্বল করলেন তিনি।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে মেসির এই জোড়া গোল শুধু দলের জয়কে সহজ করেনি, বরং বিশ্বকাপ ইতিহাসে তার নামের পাশে যোগ করেছে আরেকটি স্মরণীয় অধ্যায়।
আরটিভি/এসকে