শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ০৮:০১ পিএম
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বিশ্বকাপে অংশ নিয়েছে ইরান। তবে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে খেলতে গিয়ে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ার অভিযোগ তুলেছে দেশটির ফুটবল ফেডারেশন। এ ঘটনায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে তারা।
ইরানি ফুটবল ফেডারেশনের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্রীড়া সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার আগে নির্ধারিত সময়ের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে অবস্থান নেওয়ার আবেদন করেছিল ইরান। ম্যাচ শেষে বিশ্রাম নিয়ে পরবর্তী গন্তব্যে যাওয়ার পরিকল্পনাও ছিল তাদের। তবে মার্কিন কর্তৃপক্ষ সেই আবেদন অনুমোদন করেনি।
এর ফলে ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে ইরান দল। পাশাপাশি খেলা শেষ হওয়ার পরপরই তাদের শহর ত্যাগ করতে হবে বলে জানানো হয়েছে।
তেহরানের কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের আরোপিত এই শর্তগুলো দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার নীতির সঙ্গে সাংঘর্ষিক। তাদের মতে, এই সিদ্ধান্তের কারণে দলের কারিগরি স্টাফ ও কোচিং প্যানেলের পূর্বনির্ধারিত প্রস্তুতি এবং ম্যাচ পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে ফিফার হস্তক্ষেপ প্রত্যাশা করছেন তারা। একই সঙ্গে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হবে বলেও আশা প্রকাশ করেছেন।
বিশ্বকাপ চলাকালে এ ধরনের প্রশাসনিক জটিলতা ইরানের প্রস্তুতিতে কতটা প্রভাব ফেলে, তা এখন দেখার বিষয়।
আরটিভি/এসকে