শনিবার, ২০ জুন ২০২৬ , ০১:৫৫ পিএম
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। একটি গোল ও অ্যাসিস্টে ম্যাচসেরা হয়েছেন তিনি। সেই সঙ্গে সেলেসাওদের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোকে ছাড়িয়ে গিয়ে অবিস্মরণীয় কীর্তি গড়েছেন ব্রাজিলের নাম্বার সেভেন।
বিশ্বকাপে গোল করা ও একই সঙ্গে টুর্নামেন্টে গোল কন্ট্রিবিউশনের (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) দিক থেকেও ছুঁয়ে ফেলেছেন ২০০২ বিশ্বকাপ জয়ী এই তারকাকে।
চলতি বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে এক গোলের পর হাইতির বিপক্ষেও একটি গোল করেন ভিনিসিয়ুস। এর ফলে বিশ্বকাপ ক্যারিয়ারে তার মোট গোল সংখ্যা দাঁড়াল ৩টি (২০২২ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে করেছিলেন ১টি)।
অন্যদিকে, রোনালদিনহো তার পুরো বিশ্বকাপ ক্যারিয়ারে গোল করতে পেরেছিলেন ২টি, যার দুটিই এসেছিল ২০০২ সালের আসরে।
শুধু গোলই নয়, হাইতি ম্যাচে মাথিউস কুনহাকে দিয়ে গোল করিয়ে বিশ্বকাপে নিজের মোট অ্যাসিস্টের সংখ্যা ৩-এ নিয়ে গেছেন ভিনি। সব মিলিয়ে বিশ্বকাপে ৩ গোল ও ৩ অ্যাসিস্টসহ মোট ৬টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।
এর মাধ্যমে রোনালদিনহোর মোট ৬টি গোল কন্ট্রিবিউশনের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি (রোনালদিনহোর ছিল ২ গোল ও ৪ অ্যাসিস্ট; ২০০২ সালে ৩টি এবং ২০০৬ সালে ১টি অ্যাসিস্ট)।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আর মাত্র একটি গোল বা অ্যাসিস্ট করলেই রোনালদিনহোকে পুরোপুরি ছাড়িয়ে যাবেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
আরটিভি/এসআর