images

খেলা / ফুটবল

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

শনিবার, ২০ জুন ২০২৬ , ০৪:৪৩ পিএম

আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার মধ্যকার বিশ্বকাপ গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মিসরের অভিজ্ঞ রেফারি আমিন মোহাম্মদ ওমর।সোমবার (২২ জুন) অনুষ্ঠিতব্য ম্যাচটিতে তার সঙ্গে থাকবেন দুই সহকারী রেফারি ও একজন চতুর্থ অফিশিয়াল, যাদের সবাইকে ফিফা মনোনীত করেছে।

কঠোর ও শৃঙ্খলাপরায়ণ রেফারি হিসেবে পরিচিত আমিন ওমর ২০১৭ সাল থেকে ফিফার আন্তর্জাতিক তালিকাভুক্ত রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ২০১৩ সাল থেকেই তিনি মিসরের শীর্ষ ফুটবল লিগে নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন। মাঠে দৃঢ় সিদ্ধান্ত ও খেলা নিয়ন্ত্রণের দক্ষতার কারণে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি আস্থা অর্জন করেছেন।

এর আগে ২০১৯, ২০২১ ও ২০২৩ সালের আফ্রিকা কাপ অব নেশনসের ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। এছাড়া বয়সভিত্তিক বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি। এবারই প্রথমবারের মতো মূল বিশ্বকাপের বড় মঞ্চে ম্যাচ পরিচালনার সুযোগ পেলেন এই মিসরীয় রেফারি।

আন্তর্জাতিক অঙ্গনে তার অভিষেক ম্যাচেই আলোচনায় আসেন আমিন ওমর। দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের মধ্যকার এক ম্যাচে থ্রো-ইন নিতে দেরি হওয়ায় তিনি ‘৫ সেকেন্ডের সময়সীমা’ কার্যকর করে কাউন্টডাউন শুরু করেন, যা ফুটবল মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতায় মোট ২৬৯টি ম্যাচ পরিচালনা করেছেন আমিন ওমর। এই সময়ে তিনি প্রায় ৯৮০টি হলুদ কার্ড এবং ২৫টি লাল কার্ড দেখিয়েছেন। এছাড়া সৌদি প্রো লিগসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ক্লাব ও ঘরোয়া প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

তবে ক্যারিয়ারে বিতর্কও এড়াতে পারেননি তিনি। গত বছর মিসরের ঘরোয়া ফুটবলে একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পিরামিডস এফসি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। ইসমাইলি এসসির বিপক্ষে ম্যাচে কোচ কোচ ক্রুনোস্লাভ জুরচিচকে লাল কার্ড দেখানোর ঘটনায় সেই বিতর্কের সূত্রপাত হয়।

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে আমিন ওমরের সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদ আবু এলরেগাল ও আহমেদ হোসাম তাহা। আর চতুর্থ অফিশিয়াল হিসেবে থাকবেন স্পেনের আলেহান্দ্রো হার্নান্দেজ।

আরও পড়ুন
ARGENTINA-PRTACTICE

অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ, ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার কঠোর রেফারিং ও সিদ্ধান্ত গ্রহণের ধরন ম্যাচের গতিপথে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার অপেক্ষা।

আরটিভি/এসকে