রোববার, ২১ জুন ২০২৬ , ০৯:০৯ এএম
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ব্রাজিল।
চোটের কারণে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুর পেছনে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। মাঠ ছাড়ার পরই ভক্ত–সমর্থকদের মনে ভয় ঢুকে যায়। বিশ্বকাপে তার থাকা না থাকা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।
সিবিএফ জানিয়েছে, স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে ব্রাজিলের শেষ ম্যাচে তিনি খেলতে পারবেন না। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে রাফিনিয়াকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সিবিএফ।
বিবৃতিতে সিবিএফ জানিয়েছে, শনিবারের পরীক্ষায় রাফিনিয়ার ডান ঊরুর পেছনের অংশে পেশিতে চোট ধরা পড়েছে। সে এখন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক দলের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচির মধ্য দিয়ে যাবে।
তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে রাফিনিয়াকে বাদ দেওয়ার পরিকল্পনা নেই সিবিএফের। কারণ, একবার চূড়ান্ত স্কোয়াড নিবন্ধনের পর কোনো খেলোয়াড়কে বাদ দিলে তার পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করা যায় না।
ফলে রাফিনিয়াকে সঙ্গে রেখে নকআউট পর্বের জন্য তাকে প্রস্তুত করতে চায় সিবিএফ। তবে, ব্রাজিল সমর্থকদের জন্য সুখবরও রয়েছে। স্কটল্যান্ড ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন নেইমার, প্রস্তুত থাকবেন সেই ম্যাচে খেলার জন্যও।
শেষ পর্যন্ত মাঠে নামতে পারলে ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো ব্রাজিলের জার্সিতে দেখা যাবে নেইমারকে।
আরটিভি/এসআর