সোমবার, ২২ জুন ২০২৬ , ০১:৪৪ পিএম
বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনের ব্যস্ততার মাঝেই কিছুটা ভিন্ন সময় কাটালেন আর্জেন্টিনার দুই তারকা লিওনেল মেসি ও রদ্রিগো ডি পল। দলের অনুশীলন শিবির থেকে কিছু সময় বের করে তারা যান নরসুন্দরের কাছে, যেখানে নতুন হেয়ারকাটে ধরা দেন এই দুই ফুটবলার।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, মেসির হেয়ারস্টাইলে বড় কোনো পরিবর্তন না এলেও তিনি আগের তুলনায় চুল কিছুটা ছোট করে পরিচিত ও সিগনেচার লুকে ফিরে এসেছেন। বিশ্বকাপে আগমনের সময় তার চুল কিছুটা লম্বা থাকলেও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেটি ছেঁটে আরও পরিপাটি ও পরিচ্ছন্ন রূপে দেখা গেছে তাকে।
অন্যদিকে, ডি পলও নতুন করে চুল ছাঁটলেও বড় কোনো পরিবর্তন আনেননি। ছোট ও ক্লাসিক হেয়ারকাটেই দেখা গেছে তাকে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে রঙিন ও ভিন্নধর্মী স্টাইলে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে তিনি তুলনামূলকভাবে মার্জিত লুকই বেছে নিচ্ছেন।
দুই তারকার নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের স্টাইলিস্ট দানি আলেহান্দ্রো। জাতীয় দলের খেলোয়াড়দের হেয়ারস্টাইলের দায়িত্ব তিনি বহু বছর ধরে পালন করে আসছেন।
স্টাইলিং সেশনের সময় দুজনকেই হাস্যোজ্জ্বল ও স্বস্তিদায়ক মেজাজে দেখা গেছে বলে জানিয়েছে প্রতিবেদনটি। ম্যাচের আগে চাপমুক্ত পরিবেশেই সময় কাটিয়েছেন তারা।
এদিকে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে এবারই প্রথম পুরো স্কোয়াডকে ফিট অবস্থায় পাচ্ছেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে আর্জেন্টিনা।
আরটিভি/এসকে