বিশ্বকাপের ‘জে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার (২২ জুন) রাতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের উদীয়মান শক্তি অস্ট্রিয়া। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের আগে ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়েছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা।
২৫ হাজার সিমুলেশনের ভিত্তিতে অপ্টার সুপারকম্পিউটার জানায়, ম্যাচে স্পষ্ট ফেবারিট আর্জেন্টিনা। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬১.১ শতাংশ। অন্যদিকে ড্রয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ।
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ অভিযান শুরু করেছে লিওনেল স্কালোনির দল। ওই ম্যাচে হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপে এখন তার গোলসংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান।
অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ রয়েছে মেসির সামনে। পাশাপাশি টানা ছয় বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও স্পর্শ করতে পারেন তিনি।
তবে সহজ প্রতিপক্ষ নয় অস্ট্রিয়া। রালফ রাংনিকের দল প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চার ম্যাচে জয় পেয়েছে এবং শেষ ১২ ম্যাচে ১০টিতে জয় তুলে নিয়েছে।
দুই দলই প্রথম ম্যাচ জিতেছে বলে এই ম্যাচের জয়ী দল নকআউট পর্বের পথে বড় সুবিধা পাবে। তবে পরিসংখ্যান ও বর্তমান ফর্ম অনুযায়ী আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে অপ্টার পূর্বাভাস।
আরটিভি/এসকে



