সোমবার, ২২ জুন ২০২৬ , ০২:২৬ পিএম
মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা প্রতিকূলতার মধ্য দিয়েও বিশ্বকাপে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে ইরান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর এবার টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল বেলজিয়ামের বিপক্ষেও গোলশূন্য ড্র করেছে টিম মেল্লি।
তবে মাঠের সাফল্যের পাশাপাশি আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিধিনিষেধ ও যাতায়াতসংক্রান্ত জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের খেলোয়াড় ও কোচিং স্টাফ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে যেমন দলটিকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে হয়েছিল, বেলজিয়ামের বিপক্ষেও একই পরিস্থিতির মুখোমুখি হয় তারা।
লস অ্যাঞ্জেলেস ত্যাগের আগে ড্রেসিংরুমে একটি হাতে লেখা চিঠি রেখে যায় ইরান দল। চিঠিতে তারা ভেন্যু কর্তৃপক্ষ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

চিঠিতে লেখা ছিল, ধন্যবাদ লস অ্যাঞ্জেলেস, আপনাদের আতিথেয়তার জন্য। আমরা লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম গর্ব নিয়ে, সম্মানের সঙ্গে লড়েছি এবং এখন মর্যাদা নিয়ে ছেড়ে যাচ্ছি।
এছাড়া ইরানি সমর্থকদের উদ্দেশে তারা লিখেছে, প্রত্যেক ইরানিয়ানকে ধন্যবাদ, যারা তাদের হৃদয়, আওয়াজ এবং প্রাণ দিয়ে ১৮০ মিনিট আমাদের সমর্থন দিয়েছে। প্রত্যেক দেশের মাঝে শান্তি, সম্মান এবং বন্ধুত্ব বজায় থাকুক।
চিঠিটি শুধু কৃতজ্ঞতার বার্তাই বহন করেনি, বরং এর মধ্যে ছিল একটি প্রতীকী প্রতিবাদও। নীল কালিতে লেখা চিঠির নিচে লাল কালিতে ‘৭৬৮’ এবং ‘মিনাব’ শব্দ দুটি উল্লেখ করা হয়। ইরানের দাবি অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ১৬৮ শিশু নিহত হয়েছিল। সেই ঘটনার স্মরণেই চিঠিতে শব্দ দুটি লেখা হয় বলে ধারণা করা হচ্ছে।
ড্রেসিংরুমে রেখে যাওয়া এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে ক্রীড়াঙ্গনের মাধ্যমে শান্তি, মানবতা ও আন্তর্জাতিক সংহতির আহ্বান হিসেবে দেখছেন।
আরটিভি/এসকে