সোমবার, ২২ জুন ২০২৬ , ০৭:৩৪ পিএম
বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রায় শেষ। এর মধ্যেই জমে উঠেছে গোল প্রতিযোগিতার লড়াই। একের পর এক ম্যাচে গোল, হ্যাটট্রিক আর জোড়া গোলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন তারকারা। ৪৮ দলের এই আসরে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কার হাতে উঠবে ‘গোল্ডেন বুট’ ঘিরে চলছে নানা বিশ্লেষণ ও জল্পনা।
এবার সেই আলোচনায় নিজের মতামত জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি কাকা। তার মতে, চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের।
ইএসপিএন ইউকে-কে দেয়া এক সাক্ষাৎকারে কাকা বলেন, গোল্ডেন বুট জয়ের সম্ভাব্য দুই প্রধান দাবিদার হিসেবে তিনি দেখছেন এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে। সংক্ষেপে তিনি বলেন, ‘অবশ্যই এমবাপ্পে, আর তারপর ভিনিসিয়ুস।’
বিশ্ব ফুটবলে এই দুই ফরোয়ার্ডই এখন আক্রমণভাগের সবচেয়ে ভয়ংকর অস্ত্রদের মধ্যে অন্যতম। গতি, ড্রিবলিং আর গোল করার সক্ষমতায় তারা প্রতিপক্ষ রক্ষণভাগকে বারবার বিপদে ফেলছেন।
এদিকে চলতি আসরে ইতোমধ্যে গোলের ঝলক দেখা গেছে আরও কয়েক তারকার পারফরম্যান্সে। আর্জেন্টিনার লিওনেল মেসি করেছেন দারুণ এক হ্যাটট্রিক, ইংল্যান্ডের হ্যারি কেইন ও ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। অন্যদিকে নিয়মিত গোল করে নজর কাড়ছেন নরওয়ের আর্লিং হালান্ড।
তবে কাকার দৃষ্টিতে এগিয়ে থাকা এমবাপ্পে বিশ্বকাপ মঞ্চে বরাবরই আলাদা ছাপ রাখেন। বড় টুর্নামেন্টে তার ধারাবাহিক গোল করার ক্ষমতা এবং গতিময় আক্রমণ তাকে প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ বানিয়েছে।
অন্যদিকে ভিনিসিয়ুসও এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। তার গতি ও ড্রিবলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে সিদ্ধান্ত নেয়ার দক্ষতা ও ফিনিশিংয়ের ধার। ফলে ব্রাজিলের আক্রমণভাগে তিনি হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ ভরসা।
বিশ্বকাপ যত সামনে এগোবে, গোল্ডেন বুটের লড়াইও ততই তীব্র হবে এমনটাই ধারণা ফুটবল বিশ্লেষকদের।
আরটিভি/ এসকেডি