আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা

আরটিভি নিউজ

সোমবার, ২২ জুন ২০২৬ , ০৬:৩৫ পিএম


আর্জেন্টিনাকে হারাতে ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে জার্সি পরাল ব্রাজিল সমর্থকরা
পরাজয় কামনায় ‘অভিশপ্ত’ মূর্তির গায়ে আর্জেন্টিনার জার্সি পরাচ্ছে ব্রাজিল সমর্থকরা। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা যেন পরাজয়ের মুখে পড়ে, সেই উদ্দেশ্যে ব্রাজিলের কিছু সমর্থক ফিলাডেলফিয়ায় এক অদ্ভুত কুসংস্কার কর্মকাণ্ড চালাচ্ছেন। 

তাদের বিশ্বাস, একটি নির্দিষ্ট ‘অভিশপ্ত’ মূর্তিতে যে দলের জার্সি পরানো হয়, সেই দলই নাকি পরবর্তী ম্যাচে হেরে যায়। এই ধারণা থেকেই তারা আর্জেন্টিনার জার্সি ওই মূর্তির গায়ে পরানোর চেষ্টা করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ফিলাডেলফিয়ার বিখ্যাত রকি বালবোয়া মূর্তিকে কেন্দ্র করে এমন কর্মকাণ্ড নজরে আসার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। প্রশ্ন উঠছে, আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের মধ্যে কি এতটাই কুসংস্কার ও উদ্বেগ কাজ করছে?

বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে এখন সমর্থকদের ভিড়। ফিলাডেলফিয়ায় সবচেয়ে আলোচিত স্থানগুলোর মধ্যে রয়েছে হলিউডের বিখ্যাত চরিত্র রকি বালবোয়ার ব্রোঞ্জ মূর্তি, যা শহরের সাংস্কৃতিক পরিচয়েরও অংশ। সিলভেস্টার স্ট্যালোন অভিনীত এই চরিত্রকে ঘিরে নির্মিত ‘রকি স্টেপস’ দীর্ঘদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।

তবে বিশ্বকাপের উত্তাপের মধ্যে এই মূর্তিকে ঘিরে এক ধরনের কুসংস্কার ছড়িয়ে পড়েছে ব্রাজিল সমর্থকদের একটি অংশের মধ্যে। তাদের ধারণা, মূর্তির ওপর নিজেদের দলের জার্সি রাখা বা পরানো হলে তা অশুভ প্রভাব ফেলতে পারে। এ কারণে অনেকেই হলুদ জার্সি যেন মূর্তির সংস্পর্শে না আসে, সে বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন।

আরও পড়ুন

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক ড্রয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা এই ধরনের বিশ্বাসকে আরও উসকে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ফিলাডেলফিয়ায় কয়েকজন সমর্থককে মূর্তির আশপাশে অবস্থান নিয়ে জার্সি দূরে রাখার পরামর্শ দিতেও দেখা গেছে।

এর মধ্যেই আরও আলোচনার জন্ম দেয় একটি ঘটনা, যেখানে এক ব্রাজিলিয়ান সমর্থককে রকি বালবোয়া মূর্তির গায়ে আর্জেন্টিনার জার্সি পরানোর চেষ্টা করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই দৃশ্য দেখা গেছে, যা অনেকে প্রতিপক্ষের জন্য প্রতীকীভাবে ‘অশুভ সংকেত’ পাঠানোর চেষ্টা হিসেবে ব্যাখ্যা করছেন।

এই ধরনের বিশ্বাসের পেছনে অতীতের কিছু কাকতালীয় ঘটনার কথাও উল্লেখ করছেন সমর্থকদের কেউ কেউ। তাদের মতে, অতীতে বিভিন্ন ক্রীড়া দলের জার্সি এই মূর্তিতে পরানোর পর সেই দলগুলোর পরাজয়ের ঘটনাকে কেন্দ্র করেই এমন ধারণা জন্ম নিয়েছে। যদিও স্থানীয় বাসিন্দারা এসব কুসংস্কারকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের মতে, রকি বালবোয়া অনুপ্রেরণা, সংগ্রাম ও আত্মবিশ্বাসের প্রতীক, কোনো অশুভ শক্তির নয়।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে কৌতুক করেও মন্তব্য করছেন। তাদের মতে, আর্জেন্টিনার বিপক্ষে ফল কী হবে তা নিয়ে অযথা কুসংস্কারে না গিয়ে ব্রাজিল সমর্থকদের উচিত নিজেদের দলের খেলাতেই বেশি মনোযোগ দেয়া।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission