বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৫:২২ পিএম
প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার দিনটি স্মরণীয় হয়ে থাকলেও ম্যাচ শেষে এক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন ব্রাজিল তারকা নেইমারে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে পরিবারের সঙ্গে উদযাপন করতে গিয়ে তার বড় ছেলে দাভি লুকাকে মাঠে প্রবেশে বাধা দেন নিরাপত্তাকর্মীরা।
ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের পর গ্যালারির দিকে যান নেইমার। সেখানে উপস্থিত ছিলেন তার ১৪ বছর বয়সী ছেলে দাভি লুকা। বাবাকে কাছে পেয়ে মাঠে নামার চেষ্টা করলে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা তাকে চিনতে না পেরে আটকে দেন। তারা ধারণা করেন, একজন কিশোর অনুমতি ছাড়া মাঠে প্রবেশের চেষ্টা করছে।
ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে দ্রুত সেখানে ছুটে যান নেইমার। তিনি নিরাপত্তাকর্মীদের কাছে দাভির পরিচয় নিশ্চিত করলে তাকে মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হয়। পরে মাঠে নেমে বাবাকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করে দাভি। এ সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও তাকে উল্লাস করতে দেখা যায়।
ম্যাচে উপস্থিত ছিলেন নেইমারের বর্তমান সঙ্গী ব্রুনা বিয়ানকার্ডি এবং তাদের সন্তানরাও। খেলা শেষে সন্তানদের সঙ্গে মাঠে উদ্যাপন করতে দেখা যায় ব্রাজিলের এই তারকাকে।
ব্যক্তিগত জীবনে নেইমার চার সন্তানের বাবা এবং শিগগিরই পঞ্চম সন্তানের বাবা হতে যাচ্ছেন। এদিকে দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর জাতীয় দলে ফিরেছেন তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে ধীরে ধীরে ম্যাচ ফিট করে তোলার পরিকল্পনা নিয়েছেন।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে না থাকলেও ৬৫ মিনিটে ওয়ার্মআপ শুরু করলে স্টেডিয়ামে উপস্থিত ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে ১২৯ ম্যাচে ৭৯ গোল করেছেন।
আরটিভি/এসকে