বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ০৬:৩০ পিএম
টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল দল। আগামী রোববার ডালাসে জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি আর্জেন্টিনার জন্য অনেকটাই নিয়মরক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।
এমন পরিস্থিতিতে প্রধান কোচ লিওনেল স্কালোনি তারকা খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি যাচাই করতে পারেন বলে জোর গুঞ্জন রয়েছে। দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার সাত ফুটবলারের বিশ্বকাপ অভিষেক হতে পারে।
গোলরক্ষকের অবস্থান থেকেই পরিবর্তন শুরু হতে পারে। নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে বিশ্রাম দেওয়া হলে তার পরিবর্তে সুযোগ পেতে পারেন জেরোনিমো রুল্লি অথবা হুয়ান মুসোর। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য হলেও রুল্লি পুরো টুর্নামেন্ট বেঞ্চে কাটিয়েছিলেন। অন্যদিকে মুসোর জন্য এটি হবে প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা।
রক্ষণভাগেও বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। চোটের কারণে ক্রিস্তিয়ান রোমেরো জর্ডানের বিপক্ষে খেলতে পারবেন না। অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সঙ্গে সেন্টার-ব্যাকে দেখা যেতে পারে মার্কোস সেনেসিকে। বিশ্বকাপে এটিই হতে পারে তার প্রথম ম্যাচ।
মিডফিল্ডে নজর থাকবে জিওভান্নি লো সেলসো ও ভ্যালেন্তিন বার্কোর দিকে। স্কালোনির অন্যতম আস্থার নাম লো সেলসো চোটের কারণে কাতার বিশ্বকাপ মিস করেছিলেন। রাশিয়া বিশ্বকাপের দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি। ফলে এখনো বিশ্বকাপে তার অভিষেক হয়নি।
অন্যদিকে তরুণ মিডফিল্ডার বার্কো ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে নিজের সম্ভাবনার জানান দিয়েছেন। প্রস্তুতি ম্যাচগুলোতেও তিনি নজর কেড়েছেন। জর্ডানের বিপক্ষে তার মাঠে নামার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।
নতুন প্রজন্মের প্রতিনিধিত্বকারী দুই আক্রমণভাগের ফুটবলার জুলিয়ানো সিমিওনে ও হোসে মানুয়েল লোপেসও রয়েছেন সম্ভাব্য অভিষেকের তালিকায়। তবে আক্রমণভাগে জুলিয়ান আলভারেজের উপস্থিতির কারণে সিমিওনের সুযোগ পাওয়া কিছুটা কঠিন হতে পারে।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপেও একই ধরনের পরিস্থিতিতে স্কালোনি কয়েকজন নতুন মুখকে সুযোগ দিয়েছিলেন। পোল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে হুয়ান ফয়েথ ও থিয়াগো আলমাদাকে বিশ্বকাপ অভিষেকের সুযোগ দিয়েছিলেন তিনি। এবার জর্ডানের বিপক্ষেও সেই কৌশল অনুসরণ করে বেঞ্চের খেলোয়াড়দের পরীক্ষা করতে পারেন আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: রুল্লি/মার্টিনেজ), গঞ্জালো মন্তিয়েল, ওতামেন্দি, সেনেসি, নিকোলাস তালিয়াফিকো, এক্সেকিয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্তিন বার্কো, লিওনেল মেসি/নিকোলাস পাস, জুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেসকে।
আরটিভি/এসকে