শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১০:০১ পিএম
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে তুলতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা প্রকাশ করেছেন দলের ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা। তিনি বলেছেন, দলের সবাই অধিনায়কের জন্য সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত, এমনকি প্রয়োজনে মাঠে জীবন দিতেও দ্বিধা করবেন না।
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে জোড়া গোল করেন মেসি। প্রথম গোলটিতে অ্যাসিস্ট করেন মেদিনা। ম্যাচ শেষে সেই পাসের প্রশংসা করে মেসি বলেন, এটি তাকে বার্সেলোনায় জর্ডি আলবার সঙ্গে গড়ে ওঠা দুর্দান্ত বোঝাপড়ার কথা মনে করিয়ে দিয়েছে।
মেসি বলেছিলেন, আমি সবসময় জর্ডিকে বলতাম পেছনে পাস দিতে, আমি ঠিক পৌঁছে যাব। মেদিনার পাসটা আমাকে বার্সার সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়েছে।
তবে অধিনায়কের এমন প্রশংসায় বিনয়ী প্রতিক্রিয়া জানিয়েছেন মেদিনা। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় মেসি একটু বাড়িয়েই বলেছেন। হ্যাঁ, পাসটা দেখে আমারও বার্সেলোনার সেই সোনালি দিনগুলোর কথা মনে পড়েছিল। কিন্তু আমি শুধু মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।
টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘গ্রুপ জে’ থেকে শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মেদিনার দৃষ্টি এখন সামনের কঠিন পরীক্ষাগুলোর দিকে।
তিনি বলেন, সামনে আরও ছয়টি ফাইনাল বাকি। কোচ আমাদের যে পজিশনেই খেলান না কেন, আমরা মাঠে সর্বস্ব দিয়ে লড়ব। আমাদের লক্ষ্য, অধিনায়ক মেসির বিদায়কে সবচেয়ে সুন্দর ও মর্যাদাপূর্ণ করে তোলা। মেসির জন্য আমরা মাঠে জীবন দিতেও প্রস্তুত।
মেদিনার এই মন্তব্যে স্পষ্ট, সম্ভাব্য শেষ বিশ্বকাপে মেসির হাতে আরেকটি শিরোপা তুলে দিতে আর্জেন্টিনা দল কতটা দৃঢ়প্রতিজ্ঞ। এখন সেই স্বপ্ন পূরণের পথে নকআউট পর্বের প্রতিটি ম্যাচই আলবিসেলেস্তেদের জন্য একটি করে ফাইনাল।
আরটিভি/এসকে