images

খেলা / ফুটবল

যে সমীকরণ মিললেই ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত হবে ইরানের

শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৩:৫০ পিএম

শেষ মুহূর্তে বাতিল হওয়া একটি গোলই বদলে দিয়েছে ম্যাচের গল্প। জয় থেকে বঞ্চিত হয়ে মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইরান। ফলে সরাসরি ‘রাউন্ড অব ৩২’-এ ওঠার সুযোগ হাতছাড়া হলেও এখনও নকআউটে খেলার আশা বেঁচে আছে ইরানিদের।

শনিবার (২৭ জুন) সিয়াটলের লুমেন ফিল্ডে অনুষ্ঠিত গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে শুরুতেই ধাক্কা খায় ইরান। ম্যাচের পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় মিশর। এরপর পেনাল্টি পেলেও মেহদি তারেমির শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবর।

তবে হতাশা কাটিয়ে ১৪তম মিনিটে দুরূহ কোণ থেকে দারুণ এক শটে সমতা ফেরান রামিন রেজায়িয়ান। এরপর দীর্ঘ সময় দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও আর কোনো গোল হয়নি।

নাটকীয়তা জমে ছিল যোগ করা সময়ে। ৯৩তম মিনিটে শোজা খলিলজাদেহ বল জালে জড়ালে ইরান শিবিরে শুরু হয় উল্লাস। সেই গোলই তাদের নকআউট নিশ্চিত করতে পারত। কিন্তু ভিএআরের পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়ে যায়। মুহূর্তেই আনন্দ বদলে যায় হতাশায়।

এই ড্রয়ের ফলে গ্রুপ ‘জি’ থেকে ৫ পয়েন্ট নিয়ে বেলজিয়াম ও মিশর শেষ ৩২ নিশ্চিত করেছে। অন্যদিকে তিন ম্যাচে তিন ড্রয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছে ইরান।

তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে ইরান বর্তমানে ছয় নম্বরে রয়েছে এবং তাদের গোল ব্যবধান শূন্য (০)। ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে ও স্কটল্যান্ডকে পেছনে রাখা নিশ্চিত হয়েছে তাদের।

এখন নকআউট নিশ্চিত করতে ইরানের প্রয়োজন বাকি গ্রুপগুলোর অন্তত একটি অনুকূল ফল। ইরান শেষ ৩২-এ জায়গা পাবে যদি নিচের যেকোনো একটি সমীকরণ মিলে যায়-

*ঘানার বিপক্ষে ক্রোয়েশিয়া হেরে যায়।
* আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে যেকোনো একটি দল পরাজিত হয়।
* ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচ ড্র হয়।
* অথবা উজবেকিস্তানের কাছে ডিআর কঙ্গো ৮ গোলের কম ব্যবধানে হারে।

আরও পড়ুন
brazil

জাপানকে হারালে শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ কে?

অর্থাৎ, ইরানের ভাগ্য এখন আর নিজেদের হাতে নেই। অন্য ম্যাচগুলোর ফলই নির্ধারণ করবে তারা শেষ ৩২-এর টিকিট পাবে কি না। শেষ মুহূর্তের বাতিল হওয়া গোলটি তাই ইরানের জন্য হয়ে থাকল সবচেয়ে বড় আক্ষেপ।

আরটিভি/এসকে