শনিবার, ২৭ জুন ২০২৬ , ০৮:১৩ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও কোকা-কোলা বাংলাদেশ তাদের অংশীদারত্ব আরও দুই বছরের জন্য নবায়নের ঘোষণা দিয়েছে। দেশের ক্রিকেটের উন্নয়ন এবং ভক্ত-সমর্থকদের সঙ্গে সম্পৃক্ততা আরও জোরদার করার লক্ষ্যেই এই নবায়ন করা হয়েছে।
শনিবার রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী ও পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর মমশাদ আলী খান।
অন্যদিকে বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের চেয়ারম্যান এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব মাসুদুজ্জামান, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের চেয়ারম্যান এবং বিপণন ও বাণিজ্যিক বিভাগের সহসভাপতি আসিফ রব্বানী উপস্থিত ছিলেন।
নবায়ন হওয়া এই চুক্তির মাধ্যমে আরও দুই বছর বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ ও ড্রিংকিং পার্টনার হিসেবে থাকছে কোকা-কোলা বাংলাদেশ। দেশের অন্যতম জনপ্রিয় এই খেলাটির সঙ্গে কোকা-কোলার দীর্ঘদিনের সম্পৃক্ততার ধারাবাহিকতায় নতুন এই অংশীদারত্ব যুক্ত হলো। চুক্তির আওতায় বিভিন্ন ম্যাচ ও আয়োজনে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের জন্য পানীয় সহায়তা দেবে কোকা-কোলা। পাশাপাশি দেশের ক্রিকেটের বিকাশে সহায়তা এবং ভক্তদের জন্য অর্থবহ অভিজ্ঞতা তৈরিতেও কাজ করবে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২৪ সালে কোকা-কোলা বাংলাদেশ দুই বছরের জন্য জাতীয় পুরুষ দল, নারী দল ও অনূর্ধ্ব-১৯ দলসহ দেশের সব পর্যায়ের ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছিল। সেই চুক্তির মেয়াদ চলতি বছরের শুরুতে শেষ হয়।
কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, ক্রিকেটের এমন এক শক্তি রয়েছে, যা বাংলাদেশের মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং বিভিন্ন সম্প্রদায়কে একত্রিত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের অংশীদারত্ব নবায়ন করতে পেরে আমরা আনন্দিত। দেশের কোটি কোটি মানুষের আবেগের এই খেলাটির পাশে থাকতে পেরে আমরা গর্বিত।
বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, কোকা-কোলা বাংলাদেশকে আবারও অংশীদার হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তাদের ধারাবাহিক সহযোগিতা ভক্ত-সমর্থকদের সম্পৃক্ততা বাড়াতে সহায়তা করবে এবং দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
এই দুই বছরের নবায়িত অংশীদারত্ব বাংলাদেশের ক্রিকেটের বিকাশে অবদান রাখা এবং সারা দেশের সমর্থকদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা তৈরির ক্ষেত্রে কোকা-কোলা বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিন্ন অঙ্গীকারেরই প্রতিফলন।
আরটিভি/এসকে