images

খেলা / ফুটবল

সুখের মাঝেই দুঃসংবাদ ব্রাজিল ফুটবল দলে

বুধবার, ০১ জুলাই ২০২৬ , ০১:৩০ পিএম

সুখের মুহূর্তের মাঝেই দুঃসংবাদ পেল ব্রাজিল। জাপানের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয়ে শেষ ষোলো নিশ্চিত করার রাতেই চোটে পড়েছেন দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার লুকাস পাকেতা। ফলে তার বিশ্বকাপ অভিযান কার্যত শেষ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

ম্যাচের শেষদিকে বাঁ পায়ে চোট পেয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। পরদিন পরীক্ষা-নিরীক্ষার পর ব্রাজিল ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, পাকেতার বাঁ পায়ের ঊরুর পেছনের মাংসপেশীতে (হ্যামস্ট্রিং) চোট ধরা পড়েছে। 

এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানিয়েছে, মঙ্গলবারের পরীক্ষায় পাকেতার চোট নিশ্চিত হয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন এবং যত দ্রুত সম্ভব তাকে মাঠে ফেরানোর চেষ্টা করা হবে।

যদিও ফেডারেশন চোটের ধরন বা পুনর্বাসনের সম্ভাব্য সময়সীমা প্রকাশ করেনি, তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, পাকেতাকে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। সে হিসেবে আগামী রোববার শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে তার না খেলা প্রায় নিশ্চিত।

ব্রাজিল যদি ১৯ জুলাইয়ের ফাইনালে জায়গা করে নিতে পারে, সেক্ষেত্রে পাকেতার ফেরার একটি ক্ষীণ সম্ভাবনা থাকলেও তা নির্ভর করবে তার পুনর্বাসনের অগ্রগতির ওপর। তবে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও তাকে আপাতত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হচ্ছে না বলেও জানিয়েছে ও গ্লোবো।

পাকেতার চোট ব্রাজিলের জন্য নতুন দুশ্চিন্তা। এর আগে ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন রাফিনিয়া। বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি রদ্রিগো, এস্তেভাও ও এদের মিলিতাওয়ের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা।

আরও পড়ুন
ancheltti-nd-brazil

হঠাৎ যে কারণে ব্রাজিল কোচ অ্যানচেলত্তির কপালে চিন্তার ভাঁজ

একের পর এক চোটে জর্জরিত ব্রাজিল এখন নকআউট পর্বে বাড়তি চাপ নিয়েই এগোচ্ছে। এমন পরিস্থিতিতে পাকেতার অনুপস্থিতি কোচের পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।

আরটিভি/এসকে