images

খেলা / ফুটবল

কেপ ভার্দের বিপক্ষে খেলা দেখে ক্ষোভে জার্সি পুড়িয়ে দলত্যাগ আর্জেন্টিনা সমর্থকের

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৬:৪১ পিএম

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার খেলা দেখে ক্ষোভে নিজের প্রিয় দলের জার্সিতে আগুন দিয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ভোলার এক আর্জেন্টিনা সমর্থক। ঘটনাটি শনিবার (৪ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ঘটে।  

ওই সমর্থকের নাম নিরব। তিনি শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাকসুদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলা চলাকালে আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে হতাশ হয়ে নিরব প্রকাশ্যে নিজের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুন দেন। পরে তিনি আর আর্জেন্টিনার সমর্থক থাকবেন না বলে ঘোষণা দিয়ে অন্য একটি দলের সমর্থক হওয়ার ইচ্ছার কথা জানান।

ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। কেউ এটিকে একজন ফুটবলপ্রেমীর আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টিকে নিছক হাস্যরসের ঘটনা বলে মন্তব্য করছেন।

নিরব বলেন, ভোরে ঘুম থেকে উঠে খেলা দেখতে বসেছিলাম। কিন্তু আর্জেন্টিনা দলের পারফরম্যান্সে আমি খুবই হতাশ হই। তাই ক্ষোভের বশে নিজের জার্সি পুড়িয়ে দল পরিবর্তনের ঘোষণা দিয়েছি।

আরও পড়ুন
NEYMAR-ANCHELTTI

নেইমারকে নিয়ে যে বড় সুখবর দিলেন আনচেলত্তি

এ বিষয়ে একই এলাকার আর্জেন্টিনা সমর্থক মো. নুরে আলম বলেন, ফুটবল একটি খেলা মাত্র। এটিকে উপভোগ করাই উচিত। যিনি এ কাজ করেছেন, তিনি প্রকৃত আর্জেন্টিনা সমর্থক নন। খেলা সম্পর্কে সঠিক ধারণা থাকলে এমন কাজ করতেন না।

তবে নিরবের এই সিদ্ধান্ত ক্ষণিকের আবেগ নাকি স্থায়ী তা নিয়ে এলাকায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা।

আরটিভি/এসকে